মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) টাঙ্গানিকা হ্রদে একটি নৌকা ডুবে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৪৯ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অন্যান্য যাত্রীদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তানজানিয়ার কিগোমা বন্দর থেকে ডিআর কঙ্গোর কালেমি শহরে যাওয়ার পথে মাপেরা গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। টাঙ্গানিকা প্রদেশের পরিবহনমন্ত্রী নরিস মুলঙ্গোয়ি অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, নৌকাটিতে প্রায় ১০০ জন যাত্রী ও পণ্য ছিল। দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়।
উদ্ধার হওয়া যাত্রীদের একজন অ্যানি মোয়োনি জাতিসংঘ-সমর্থিত কঙ্গোর সম্প্রচারমাধ্যম রেডিও ওকাপিকে জানান, রাত প্রায় ১টার দিকে ঘুমন্ত যাত্রীদের ঘুম ভেঙে যায়। সে সময় তারা দেখতে পান, নৌকাটি একদিকে কাত হয়ে গেছে।
অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে ডিআর কঙ্গোতে নৌকাডুবির ঘটনায় শত শত মানুষ প্রাণ হারিয়েছেন। এর প্রধান কারণ হলো, দেশটির অনেক নৌযানে অতিরিক্ত যাত্রী ও পণ্য পরিবহন করা হয় এবং সেগুলোতে পর্যাপ্ত লাইফ জ্যাকেটও থাকে না। দুর্গম এলাকায় অবকাঠামোর ঘাটতির কারণে নৌপথই সেখানকার অনেক মানুষের জন্য সহজলভ্য যোগাযোগের মাধ্যম।
উল্লেখ্য, কিগোমা-কালেমি নৌপথে গত এক মাসেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয় বড় দুর্ঘটনা। গত ২৮ আগস্ট কিগোমা বন্দরে জ্বালানি তোলার সময় কঙ্গোর নৌযান এমভি প্যাসিফিকে আগুন ধরে যায় এবং পরে বিস্ফোরণ ঘটে, যেখানে ছয়জন কর্মী নিহত এবং একজন নিখোঁজ হন। এর আগে গত জুলাইয়ে ডিআর কঙ্গোর মধ্যাঞ্চলে শিক্ষার্থীদের বহনকারী একটি কাঠের নৌকা ডুবে অন্তত ২০ জন নিহত হয়েছিলেন।