নওগাঁয় একটি বেসরকারি ব্যাংকের ক্রেডিট কার্ডের সীমা লঙ্ঘন করে ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাঁদের কাছ থেকে নগদ ১৫ লাখ টাকা, দুটি স্মার্টফোন, সাতটি এটিএম কার্ড ও তিনটি চেক বই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এসব তথ্য জানান। গ্রেপ্তার দুজন হলেন নওগাঁর বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যপাড়ার বাসিন্দা শহিদুল ইসলাম রিপন (৩৭) ও তাঁর স্ত্রী মালিহা তাবচ্ছুম নিশি (২৮)। বগুড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বগুড়া সদর থানা ও ডিবি পুলিশের সদস্যরা তাঁদের গ্রেপ্তার করেন।
পুলিশ সুপারের বর্ণনা অনুযায়ী, শহিদুল ইসলাম ইসলামী ব্যাংকের নওগাঁ শাখার একজন হিসাবধারী ও বিনিয়োগ গ্রাহক ছিলেন। ২০১৫ সালে তাঁর চলতি হিসাবের বিপরীতে এক লাখ টাকা সীমার একটি ‘খিদমাহ ক্রেডিট কার্ড’ ইস্যু করেছিল শাখাটি। সম্প্রতি ওই কার্ড এবং এটিএম/সিআরএম বুথের এনপিএসবি নেটওয়ার্ক ব্যবহার করে তিনি পাঁচটি ব্যাংক হিসাবে ধারাবাহিক ও অননুমোদিত অর্থ স্থানান্তর শুরু করেন।
পুলিশ সুপার জানান, শুরুতে প্রতি লেনদেনে এক লাখ টাকার কম সরানো হলেও পরে তা বাড়িয়ে প্রতি লেনদেনে আড়াই লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়, যা অনুমোদিত সীমার সম্পূর্ণ পরিপন্থী। গত বছরের জুন থেকে চলতি বছরের ৯ নভেম্বর পর্যন্ত ৪২০টিরও বেশি লেনদেনের মাধ্যমে ব্যাংকটির মোট ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে।
ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. ফয়জুল ইসলাম (৪৪) নওগাঁ সদর মডেল থানায় এজাহার দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। পরে পুলিশের একটি বিশেষ দল টানা ৩৬ ঘণ্টা বগুড়া সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দম্পতিকে গ্রেপ্তার করে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ায় শয়নকক্ষের আলমারিতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা নগদ ১৫ লাখ টাকা, কার্ড ও চেক বই উদ্ধার করা হয়।
পুলিশ সুপারের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দম্পতি প্রতারণা ও জালিয়াতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁরা জানিয়েছেন, আত্মসাৎ করা অর্থের একটি বড় অংশ, প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা দিয়ে বগুড়ায় জমি কেনা হয়েছে। বাকি টাকা বিলাসী জীবনযাপনে খরচ করেছেন তাঁরা।
এই ঘটনার পেছনে ব্যাংকের অভ্যন্তরীণ কোনো চক্র বা অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের নিবিড় তদন্ত চলছে বলে জানান পুলিশ সুপার। সংবাদ সম্মেলনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।