শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামান

১৫ নভেম্বর নিয়োগ পাওয়া সাবেক সেনা কর্মকর্তা ১৮ নভেম্বর বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনে যোগদান করেছেন।

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামান। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকার গত ১৫ নভেম্বর তাঁকে কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেয় এবং নিয়োগ আদেশের পরিপ্রেক্ষিতে ১৮ নভেম্বর তিনি যোগদান করেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ সেনাবাহিনীতে ৩৭ বছরের কর্মজীবনে তিনি নেতৃত্ব, প্রশাসন, ব্যবস্থাপনা এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তির উন্নয়নে ভূমিকা রেখেছেন। সেনা সদর দপ্তরের আইটি পরিদপ্তরের পরিচালক, ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের কমান্ডার এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

বিটিআরসিতে তাঁর আগের অভিজ্ঞতাও আছে। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি কমিশনের স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ছিলেন। এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় কঙ্গোতে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি কর্মকর্তা এবং ক্রোয়েশিয়ায় জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক হিসেবে কাজ করেছেন।

শিক্ষাজীবনে ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রথম শ্রেণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। দেশে-বিদেশে তাঁর তিনটি স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে; এর মধ্যে ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি বিষয়ে স্বর্ণপদকসহ স্নাতকোত্তর ডিগ্রি উল্লেখযোগ্য। তিনি ন্যাশনাল ডিফেন্স কোর্স, ওয়ার কোর্স ও আর্মি স্টাফ কোর্স সম্পন্ন করেছেন। তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে তাঁর বিশেষ দক্ষতা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। পেশাগত স্বীকৃতি হিসেবে তিনি ‘সেনাবাহিনী পদক’ এবং দুইবার ‘বিশিষ্ট সেবা পদক’ পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে প্রত্যাশা করা হয়েছে, তাঁর নেতৃত্বে টেলিযোগাযোগ ও ডিজিটাল যোগাযোগব্যবস্থার উন্নয়ন, আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ, সাইবার নিরাপত্তা জোরদার এবং গ্রাহকসেবার মানোন্নয়নে কমিশনের উদ্যোগ আরও গতি পাবে।