বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহার, কার্বারী অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত ঘোষণা

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে সংগঠনটির সভাপতি নতুন জয় চাকমা ভিডিও বার্তায় অবরোধ তুলে নেওয়া, কমিটি বিলুপ্ত এবং নিজের পদত্যাগের কথা জানিয়েছেন।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা। একই সঙ্গে তিনি সংগঠনের কমিটি বিলুপ্ত এবং সভাপতির পদ থেকে নিজের পদত্যাগের কথা জানিয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত এক ভিডিও বার্তায় লিখিত বক্তব্য পাঠ করে তিনি এসব ঘোষণা দেন।

ভিডিও বার্তায় নতুন জয় চাকমা বলেন, সাজেকের সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বাইরের এলাকার সঙ্গে স্বাভাবিক যোগাযোগ, খাদ্যদ্রব্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ বিঘ্নিত হওয়ায় স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন।

তিনি অভিযোগ করেন, অবরোধ ও বিভিন্ন কর্মসূচিতে সাধারণ মানুষকে যুক্ত করতে ভয়ভীতি ও চাপ প্রয়োগ করা হয়েছে। তাঁর দাবি, ইউপিডিএফের দলীয় স্বার্থে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি গঠিত ও পরিচালিত হয়েছে এবং এসব সংগঠনের কার্যক্রম পরিচালনায় তাঁরও ভূমিকা ছিল। দীর্ঘদিন ওই সংগঠনের অধীনে থাকাকালে বিভিন্ন কর্মসূচিতে মানুষকে ইচ্ছার বিরুদ্ধে অংশ নিতে বাধ্য করার অভিজ্ঞতা হয়েছে বলেও তিনি বক্তব্যে উল্লেখ করেন। এসব অভিযোগের বিষয়ে ইউপিডিএফের বক্তব্য পাওয়া যায়নি।

নতুন জয় চাকমা আরও জানান, পরিস্থিতি বিবেচনায় তিনি নিজের এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। একজন কার্বারী হিসেবে এলাকার মানুষের স্বার্থ ও অধিকার রক্ষাই তাঁর দায়িত্ব বলে উল্লেখ করে তিনি বলেন, সেই দায়িত্ববোধ থেকেই অ্যাসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

বক্তব্যের শেষ দিকে তিনি বলেন, তাঁর এই সিদ্ধান্ত কোনো ব্যক্তিগত প্রতিশোধ বা রাজনৈতিক বিদ্বেষ থেকে নেওয়া নয়; বরং সাজেকের সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থ, অধিকার, মর্যাদা ও নিরাপত্তার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত।