বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সুন্দরবনের শিবসা নদীর খাল এলাকায় কোস্ট গার্ডের অভিযানে বন্দুক, কার্তুজসহ বিপুল অস্ত্র উদ্ধার

খুলনার দাকোপে ডাকাতদলের মজুত করা ১০টি একনলা বন্দুক, দুটি এয়ারগানসহ অস্ত্র-গোলাবারুদ জব্দ করেছে কোস্ট গার্ড।

সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত।

তিনি জানান, সুন্দরবনের সক্রিয় সব বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান আছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, একটি ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খাল সংলগ্ন এলাকায় বনের গভীরে বিপুল অস্ত্র ও গোলাবারুদ মজুত করে রেখেছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও বিসিজি আউটপোস্ট নলিয়ান ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। তল্লাশিতে লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধার করা হয় ১০টি একনলা বন্দুক, দুটি এয়ারগান, দুটি দেশীয় ওয়ান শুটার, চারটি একনলা বন্দুকের পাইপ, ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গোলা এবং দুটি ওয়াকিটকি সেট।

কোস্ট গার্ড জানায়, ডাকাতদলকে শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। জব্দ করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কাজ চলছে। উদ্ধার অভিযানে কাউকে আটক করার কথা এখন পর্যন্ত জানানো হয়নি।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, সরকারের সুস্পষ্ট নির্দেশনা, সংশ্লিষ্ট সবার সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত চেষ্টায় সুন্দরবনকে সম্পূর্ণভাবে দস্যুমুক্ত করা সম্ভব হবে বলে তাঁরা আশাবাদী।