সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট হাতে পেয়েছেন—এমন দাবিতে কয়েকটি ছবি ও ভিডিও ছড়িয়েছে। যাচাইয়ে দেখা গেছে, ছবিগুলোর কয়েকটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি, আর যে পাসপোর্ট পাতার ছবি প্রচার করা হচ্ছে, তার মেয়াদ ২০২০ সালেই শেষ হয়ে গেছে।
দাবিটি ৪৫টিরও বেশি পাবলিক গ্রুপ, পেজ ও প্রোফাইল থেকে ছড়ানো হয়েছে। একটি ফেসবুক প্রোফাইল থেকে প্রকাশিত ১ মিনিট ১৯ সেকেন্ডের ভিডিওতে পাসপোর্টের একটি পাতার ছবি ব্যবহার করে বলা হয়, শেখ হাসিনার পাসপোর্ট চলে এসেছে। একই দাবিতে ছড়ানো অন্য ছবিগুলোতে বিভিন্ন পরিস্থিতিতে পাসপোর্ট হাতে তাঁকে দেখা যায়। কোনো ছবিতে তিনি গাড়িতে বসা, কোনোটিতে পাশে কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এবং পেছনে শেখ মুজিবুর রহমানের ছবি, আবার একটিতে শেখ রেহানাসহ নেতা-কর্মীদের উপস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সামনে তাঁকে দেখা যায়।
ছবিগুলো যাচাই করতে ‘ওয়াজ ইট এআই’, ‘হাইভ মডারেশন’ ও ‘ইমেজ হুইসপারার’ নামের তিনটি এআই শনাক্তকারী টুলে পরীক্ষা করা হয়। টুলগুলোর বিশ্লেষণে ইঙ্গিত পাওয়া গেছে, নতুন পাসপোর্ট পাওয়ার প্রমাণ হিসেবে প্রচারিত এসব ছবি বাস্তব ঘটনার নয়; এআই দিয়ে তৈরি।
প্রচারিত পাসপোর্টের পাতায় ইস্যুর তারিখ উল্লেখ আছে ১১ অক্টোবর ২০১৫ এবং মেয়াদ শেষ হওয়ার তারিখ ৭ অক্টোবর ২০২০। অর্থাৎ ছবিতে থাকা পাসপোর্টের মেয়াদ ছয় বছরের বেশি আগে শেষ হয়েছে। ফলে পুরোনো এই পাতার ছবি দিয়ে তিনি নতুন পাসপোর্ট পেয়েছেন—এমন দাবি প্রতিষ্ঠিত হয় না।
যাচাইয়ে ২০২৪ সালের ২২ আগস্ট প্রকাশিত একাধিক প্রতিবেদনও পাওয়া গেছে, যেখানে বলা হয়েছিল, সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যদের জন্য বরাদ্দ করা কূটনৈতিক (লাল) পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের দাবি ও ছবি দেখলে তা যাচাই না করে শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।