খোলা বোতলে অকটেন বিক্রি করতে রাজি না হওয়ায় রাজধানীর আগারগাঁওয়ের একটি ফিলিং স্টেশনে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের বিরুদ্ধে। মারধরের পর পাম্পের দুই কর্মচারীকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তুলে নিয়ে আটকে রাখার অভিযোগও উঠেছে।
মঙ্গলবার বেলা তিনটার দিকে আগারগাঁওয়ের তালতলা এলাকায় ‘মেসার্স হাসান ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশনে’ ঘটনাটি ঘটে। এরপর থেকে পাম্পটির কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।
ফিলিং স্টেশনের ব্যবস্থাপক সুজন মিয়া বলেন, দুপুরে দুজন ব্যক্তি বোতলে করে অকটেন নিতে এলে কর্মচারীরা দিতে অস্বীকৃতি জানান। এতে কথা-কাটাকাটি হয়। তাঁরা নিজেদের শেকৃবির ছাত্র পরিচয় দিয়ে হুমকি দেন। তেল নিতে আসা আরেক ব্যক্তি প্রতিবাদ করলে তাঁকে মারধর করা হয়। এর আধা ঘণ্টা পর শিক্ষার্থীদের ৩০ থেকে ৪০ জনের একটি দল মোটরসাইকেলে এসে পাম্পে হামলা চালায়। তাঁদের অভিযোগ, হামলাকারীরা কর্মচারীদের মারধর করে তেল সরবরাহ যন্ত্র, ক্যাশ কাউন্টার ও সিসি ক্যামেরা ভাঙচুর করেন, ক্যামেরার ডিভিআর খুলে নেন এবং ল্যাপটপ ও তেল বিক্রির টাকা লুট করে নিয়ে যান।
ব্যবস্থাপকের ভাষ্য, হামলায় রাসেল নামে এক কর্মচারী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। মো. মিঠু ও মুসা নামে আরও দুজনকে ধরে নিয়ে আটকে রাখা হয়েছে। তিনি বলেন, খোলা বোতলে তেল বিক্রি না করতে সরকারের নিষেধাজ্ঞা আছে, তাই তাঁরা তেল দিতে চাননি।
শেকৃবির সহকারী প্রক্টর অধ্যাপক তাজুল ইসলাম চৌধুরী কর্মচারীদের ক্যাম্পাসে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খোলা বোতলে তেল না দেওয়ার প্রতিবাদ করায় পাম্পের কর্মচারীরা তাঁদের দুই শিক্ষার্থীকে স্টাম্প দিয়ে মারধর করেছেন; তাঁদের একজন রায়হানুল ইসলাম, অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা দুই কর্মচারীকে ক্যাম্পাসে নিয়ে এসেছেন বলে তিনি জানান। পরিস্থিতি শান্ত রাখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাধানের চেষ্টা করছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহিদুল ইসলাম বলেন, পাম্পে শিক্ষার্থীদের সঙ্গে ঝামেলা হয়েছে বলে তিনি শুনেছেন এবং পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। পাম্প কর্তৃপক্ষের অভিযোগ, পুলিশ বিষয়টি গুরুত্ব না দিয়ে হামলাকারীদের সঙ্গে আলোচনা করে সমাধানের পরামর্শ দিয়েছে।