বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

৫১তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষা ১১ ডিসেম্বর: আধা ঘণ্টা আগে হলে ঢুকতে হবে, সাড়ে ৯টার পর প্রবেশ বন্ধ

পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের এই পরীক্ষায় ৪৪ হাজার ৬৩৫ জন প্রার্থী অংশ নেবেন; আসন নির্ধারণ হবে দৈবচয়নে।

৫১তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে হলে প্রবেশ করতে হবে। সকাল সাড়ে ৯টার পর কোনো প্রার্থীকে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হবে না। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, পরীক্ষার হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে হাজিরা তালিকায় প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড়ে সাজানো হবে। প্রতিটি রেজিস্ট্রেশন নম্বর কক্ষভিত্তিক দৈবচয়ন প্রক্রিয়ায় বিন্যস্ত করে হাজিরা তালিকা তৈরি হবে। নিজের আসন ও কক্ষ খুঁজে নিতে কিছুটা সময় লাগে বলেই আগেভাগে প্রবেশের এই বাধ্যবাধকতা। বিষয়টি প্রবেশপত্র ও পরীক্ষা পরিচালনাসংক্রান্ত নির্দেশনায়ও উল্লেখ আছে।

আগামী ১১ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে এই পরীক্ষা হবে। পরীক্ষার হল, আসনব্যবস্থা ও অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে পিএসসি ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

সরকারি হাসপাতালগুলোয় চিকিৎসক-সংকট কাটাতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিদার ভিত্তিতে গত ২৪ সেপ্টেম্বর এই বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়। এর মাধ্যমে মোট পাঁচ হাজার চিকিৎসককে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে; তাঁদের মধ্যে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন। পরীক্ষায় অংশ নিতে চূড়ান্তভাবে আবেদন করেছেন মোট ৪৪ হাজার ৬৩৫ জন।