চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ি এলাকায় নিজ বাসা থেকে নূর নাহার বেগম (৭৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাতটার দিকে সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ির সরকারি পুকুরপাড়-সংলগ্ন বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সন্ধ্যার পরও বাসার পেছনের লোহার দরজা খোলা দেখে কয়েকজন ভাড়াটে ভেতরে যান। নূর নাহারের শোবার ঘরের দরজাও খোলা ছিল। ঘরে ঢুকে তাঁরা বিছানায় তাঁকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ জানায়, নূর নাহার দীর্ঘদিন ধরে স্তন ক্যানসারে ভুগছিলেন। প্রায় ৪৫ দিন আগে রক্তের ক্যানসারে তাঁর এক ছেলে মারা যান। আরেক ছেলে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি সকাল সাতটার দিকে কর্মস্থলে যান এবং সন্ধ্যায় ফেরেন, তাই দিনের বেলায় নূর নাহার বাসায় একাই থাকতেন। বুধবার সকালে কর্মস্থলে যাওয়ার সময় মায়ের সঙ্গে তাঁর কথা হয়েছিল বলে ছেলে পুলিশকে জানিয়েছেন। নূর নাহারের এক মেয়ের শ্বশুরবাড়ি ঢাকায়।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের মুখে হালকা লালচে দাগ থাকলেও অন্য কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ওসি আরও জানান, নিহত নারীর ব্যবহৃত দুটি মুঠোফোন পাওয়া যাচ্ছে না বলে তাঁর ছেলে পুলিশকে জানিয়েছেন। বাসার পেছনের লোহার দরজা খোলা থাকার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে; ওই দরজা দিয়ে মূলত ভাড়াটেরা যাতায়াত করতেন। মৃত্যু কীভাবে হয়েছে, তা তদন্তের পর বিস্তারিত বলা যাবে বলে জানান তিনি। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।