নওগাঁর মহাদেবপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাড়িতে ধাক্কা লেগে নাসিম হোসেন (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার উজানি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসিম হোসেন উজানি গ্রামের মাহমুদুলের ছেলে। স্থানীয়ভাবে জানা গেছে, শুক্রবার দুপুরে তিনি চৌমাশিয়া (নওহাটা) মোড় থেকে মোটরসাইকেল পরিষ্কার করে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে উজানি গ্রামে পৌঁছালে তাঁর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাড়িতে গিয়ে ধাক্কা খায়। এতে নাসিম ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় মোটরসাইকেলের গতি কত ছিল কিংবা অন্য কোনো কারণ ছিল কি না, সে বিষয়ে প্রাথমিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।