বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল এবং সরাসরি চার হাজার উপপরিদর্শক (এসআই) নিয়োগের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। এর ফলে মোট ১৪ হাজার নতুন জনবল নিয়োগে আর কোনো প্রশাসনিক বাধা নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তানভীর-আল-নাসীফ বৃহস্পতিবার জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও সচিব কমিটির অনুমোদনসহ সব দাপ্তরিক প্রক্রিয়া শেষ হয়েছে এবং পুলিশ যেকোনো সময় নিয়োগপ্রক্রিয়া শুরু করতে পারবে।
এবারই প্রথমবারের মতো চার হাজার এসআই পদের সবটিতে সরাসরি নিয়োগ দেওয়া হচ্ছে। এ জন্য পুলিশ প্রবিধান সংশোধন করা হয়েছে। আগে এসআই পদের ৫০ শতাংশ বিভাগীয় পদোন্নতির মাধ্যমে এবং বাকি ৫০ শতাংশ সরাসরি নিয়োগে পূরণ করা হতো। এ ছাড়া সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে ৪০০ থেকে ৫০০ কর্মকর্তা নিতে একটি বিশেষ বিসিএস আয়োজনের চিন্তাভাবনাও করছে সরকার।
কনস্টেবল নিয়োগের চলমান বিজ্ঞপ্তি সম্পর্কে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা জানান, এতে সারা দেশ থেকে মোট ১ লাখ ২ হাজার ৬৯৪ জন চাকরিপ্রার্থী অনলাইনে আবেদন করেছেন। ওই বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ৯ অক্টোবর এবং আবেদনের সময় শেষ হয় ৩০ অক্টোবর; তবে বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট পদসংখ্যা উল্লেখ ছিল না।
তিনি আরও বলেন, পুলিশে বর্তমানে দুই হাজার কনস্টেবল পদ শূন্য রয়েছে। চলমান নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমেই এই শূন্য দুই হাজার পদের পাশাপাশি নতুন অনুমোদিত ১০ হাজার পদ থেকে আরও চার হাজার কনস্টেবল নেওয়ার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ চলমান প্রক্রিয়ায় মোট ছয় হাজার কনস্টেবল নিয়োগের সম্ভাবনা আছে। নতুন অনুমোদিত পদের বাকি ছয় হাজার কনস্টেবল পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে ধাপে ধাপে নেওয়া হবে। পদসংখ্যা বেড়ে ছয় হাজারে উন্নীত হলে প্রার্থীদের প্রতিযোগিতা আগের তুলনায় সহজ হবে বলেও জানা গেছে।
নিয়োগ পাওয়ার পর একজন কনস্টেবলের প্রারম্ভিক মূল বেতন ৯ হাজার টাকা, যা সর্বোচ্চ ২১ হাজার ৮০০ টাকা পর্যন্ত হতে পারে। মূল বেতনের পাশাপাশি বাড়িভাড়া, চিকিৎসা, ঝুঁকি, উৎসব, টিফিন ও যাতায়াত ভাতার মতো সুবিধাও পাওয়া যায় বলে জানা গেছে।