নাটোরে নিজের মা ও শিশুসন্তানকে গলা কেটে হত্যা এবং বাবাকে কুপিয়ে হত্যাচেষ্টার দায়ে মো. শাহ আলম (৩০) নামে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২২ নভেম্বর) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইফুল ইসলাম এ রায় দেন।
রায়ে শাহ আলমকে গলায় রশি ঝুলিয়ে মৃত্যু কার্যকরের আদেশ এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থ অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড হবে। মামলার আরেকটি ধারায় তাঁকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড। একই মামলার আরেক আসামি মো. সোহাগকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় পলাতক আসামি মো. মিন্টুকে খালাস দেওয়া হয়েছে।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, শাহ আলম নাটোর সদরের দস্তানাবাদ কুমারদহ এলাকার বীজ ব্যবসায়ী শাহাদৎ সর্দারের ছেলে। তিনি মাদকাসক্ত ছিলেন এবং নেশার টাকার জন্য প্রায়ই জমি বিক্রি করতে বাড়িতে চাপ দিতেন। বাবা একবার আট শতাংশ জমি বিক্রি করে টাকা দিলেও চাপ বন্ধ হয়নি।
২০১৭ সালের ১৯ নভেম্বর শাহ আলম নিজের মা বিলকিস বেগম ও ১১ বছর বয়সী ছেলেকে গলা কেটে হত্যা করেন। সন্ধ্যায় শাহাদৎ সর্দার রাজশাহীর ঝলমলিয়া হাট থেকে বাড়ি ফিরে গেটের সামনে ডাকাডাকি করলে শাহ আলম ধারালো দা নিয়ে তাঁকেও কুপিয়ে জখম করেন। ভাইয়েরা গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে তিনি প্রাণে বেঁচে যান। পরে তিনি নাটোর সদর থানায় ছেলের বিরুদ্ধে স্ত্রী ও নাতিকে হত্যার অভিযোগে মামলা করেন। পুলিশ শাহ আলমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
অভিযোগপত্র জমা ও দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে এই রায় এল। নাটোর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর রুহুল আমিন তালুকদার টগর বলেন, রায়ের সময় শাহ আলম ও সোহাগ আদালতে উপস্থিত ছিলেন এবং রায়ে তাঁরা সন্তুষ্ট।