মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার

ডিকাব টকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেছেন, সংঘাত দমনে সরকারের পদক্ষেপ তাঁর বিবেচনায় সমানুপাতিক এবং নিরাপত্তা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে।

বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল ইইউ মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের পক্ষে। তবে মতপ্রকাশের স্বাধীনতার অর্থ এই নয় যে কোনো ব্যক্তি বা সংগঠন সহিংসতায় উসকানি দিতে পারবে। তাই ইইউ সহিংসতা ও বিদ্বেষ ছড়ানোর উসকানির বিপক্ষে।

সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’-এ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে সাম্প্রতিক পরিস্থিতি মোকাবিলায় সরকারের পদক্ষেপ পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেই তাঁর ধারণা। তবে একই সময়ে একাধিক ইস্যু সামনে আসায় পরিস্থিতি জটিল হয়ে উঠছে। শান্তিপূর্ণ মতপ্রকাশ ও সংঘাতের মধ্যকার সীমারেখার প্রশ্নে তিনি বলেন, কোনো কর্মকাণ্ড বেআইনি হলে, জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নিত করলে এবং সংঘাত এড়ানোর বদলে তা উৎসাহিত করলে সেটি গ্রহণযোগ্য নয়।

সরকারি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় ইইউ বার্তা দেয় যে পরিস্থিতি সামাল দেওয়ার পদক্ষেপ সমানুপাতিক হতে হবে—উল্লেখ করে মিলার বলেন, তাঁর বিবেচনায় সহিংসতা দমনের ক্ষেত্রে সরকারের পদক্ষেপ সমানুপাতিক হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে তাঁর পূর্ণ আস্থা আছে। তৈরি পোশাক খাতের মজুরি নিয়েও উন্নতির আশা প্রকাশ করেন তিনি।

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিয়ে ইইউর অবস্থান জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে ইইউর কোনো অবস্থান নেই; যা বলবেন তা ব্যক্তিগত। তিনি বলেন, ইইউ স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ চায়, যার অর্থ ন্যায়বিচার, অতীতের মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি, আইনের শাসনের প্রতি সম্মান এবং এখন সংঘাত ত্যাগ করে জনশৃঙ্খলা ও জননিরাপত্তাকে সম্মান জানানো।

রাজনৈতিক রূপান্তর প্রসঙ্গে মিলার বলেন, এটি জটিল প্রক্রিয়া, যা রাতারাতি অর্জন করা যায় না; এতে অনেক বছর সময় লাগে। সংস্কারপ্রক্রিয়া এগিয়ে নিতে নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় সংসদে আসা রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহত্তর ঐকমত্য প্রত্যাশা করেন তিনি। অনুষ্ঠানে ডিকাব সভাপতি এ কে এম মঈনউদ্দিন ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েস বক্তব্য দেন।