বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সহিংসতা মোকাবিলায় ঐক্যে একমত প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা, ডিসেম্বরজুড়ে কর্মসূচির ঘোষণা দেবে জামায়াত

সংসদ ভবনে একান্ত বৈঠকে দুই নেতা রাজনৈতিক মতপার্থক্য সরিয়ে সহিংসতার মোকাবিলায় একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়েছেন বলে জামায়াতের এক সংসদ সদস্য জানিয়েছেন।

চলমান সহিংসতা মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য পেছনে ফেলে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে একমত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জামায়াতে ইসলামীর এক সংসদ সদস্যের ভাষ্য অনুযায়ী, বুধবার সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত একান্ত বৈঠকে এ বিষয়ে তাঁদের মধ্যে সমঝোতা হয়।

বুধবার মাগরিবের নামাজের ঠিক আগে প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে এই বৈঠক হয়। বৈঠকে দুই নেতা ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না। জামায়াতের ওই সংসদ সদস্যের তথ্য অনুযায়ী, বৈঠকে সহিংসতা মোকাবিলায় ঐক্য, জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় এবং গণতান্ত্রিক শক্তিগুলোর সমন্বয়—এই তিনটি বিষয় প্রাধান্য পায়। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন অমীমাংসিত বিষয় প্রধানমন্ত্রীর নজরে আনেন। গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

একই দিন জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে তাদের পুনরুত্থান ঠেকাতে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশকে আবারও পরাধীন ও তাবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র মোকাবিলায় গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক দলকে ২০২৪ সালের আন্দোলনের মতো একই মঞ্চে আসতে হবে।

সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সহিংস কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়েছে। এর মধ্যে রয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির দুই সংসদ সদস্যের বাড়ি ও একটি থানায় অগ্নিসংযোগ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন এবং নড়াইলে বিএনপির মিছিলে হামলায় দুজনের মৃত্যু।

এদিকে সহিংসতা ও নাশকতার প্রতিবাদে ডিসেম্বর মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির বিস্তারিত জানানো হবে। আগামী ২১ নভেম্বর রাজধানীতে দলটি বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে। বুধবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সব পর্যায়ের নেতা-কর্মীদের প্রতিবাদী কর্মসূচি পালনের আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, প্রশাসনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে এখনো ফ্যাসিবাদের সমর্থকেরা রয়েছেন; তাঁদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।