সংকটে থাকা পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। এখন চাইলে বাংলাদেশ ব্যাংক ব্যাংকটিকে একীভূত করা বা অবসায়নের মতো পদক্ষেপ নিতে পারবে। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকটিকে রেজল্যুশনের আওতায় আনার অনুমোদন দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে পদ্মা ব্যাংকের মূলধন ঋণাত্মক, ঋণের ৯২ শতাংশ খেলাপি, সুদ আয় ঋণাত্মক এবং তারল্য পরিস্থিতিও সংকটাপন্ন। অর্থাৎ আর্থিক সক্ষমতার প্রায় সব সূচকেই ব্যাংকটির অবস্থা নাজুক। স্বল্প সময়ের মধ্যে এ পরিস্থিতি থেকে উত্তরণের সম্ভাবনাও নেই বলে মনে করা হচ্ছে।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাট ও অনিয়মের কারণে সংকটে পড়া ব্যাংকগুলোর মধ্যে পদ্মা অন্যতম। শুরু থেকেই ব্যাংকটির কার্যক্রম প্রশ্নবিদ্ধ ছিল; অনুমোদন পাওয়ার আগেই এটি অফিস খুলে লোকবল নিয়োগ দিতে শুরু করেছিল। পরে সম্পর্কের ভিত্তিতে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের আমানত সংগ্রহ করে অনিয়মে জড়িয়ে পড়েন উদ্যোক্তারা। ২০১৭ সালে পদ ছাড়তে বাধ্য হন তৎকালীন চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। ব্যাংকটিকে বাঁচাতে তখন মূলধন সহায়তা দেয় সরকারি চার ব্যাংক ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। নতুন চেয়ারম্যানের দায়িত্ব নেন চৌধুরী নাফিজ সরাফাত, যিনি ২০২৪ সালের শুরুতে ব্যাংকটি ছেড়ে যান। বাংলাদেশ ব্যাংকের নানা সুবিধা সত্ত্বেও ব্যাংকটি নিজের পায়ে দাঁড়াতে পারেনি।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, গত বছর তৎকালীন ডিপার্টমেন্ট অব-সাইট সুপারভিশন ব্যাংকটিকে একীভূত বা অবসায়নের মতো ব্যবস্থা নিতে ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্টকে সুপারিশ করেছিল। সেই পরিপ্রেক্ষিতে রেজল্যুশনের প্রস্তাব পর্ষদে উঠলে মঙ্গলবার তা অনুমোদন পায়।
কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, এখন ব্যাংকটির বিভিন্ন আর্থিক সূচক পর্যালোচনা করা হবে এবং নিরীক্ষা চালানো হবে। বর্তমান সংকটের জন্য কারা দায়ী, তাও চিহ্নিত করা হবে। নিরীক্ষা প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।