ঝালকাঠিতে জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আত্মঘাতী বোমা হামলায় দুই বিচারক হত্যার ২১ বছর পূর্ণ হলো আজ শনিবার। ২০০৫ সালের ১৪ নভেম্বর সকালে কর্মস্থলে যাওয়ার পথে বোমা হামলায় নিহত হন সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ে।
দিনটি উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৮টায় আদালত চত্বর থেকে শোকযাত্রা বের হয়ে নিহত দুই বিচারকের স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। শোকযাত্রায় নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া আমেনা। এ সময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ শরীফ মোহাম্মদসহ বিচারক, আইনজীবী ও আদালতের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. বশির গাজী, অতিরিক্ত পুলিশ সুপার বায়েজিদ ইবনে আকবর, সরকারি কৌঁসুলি মাহেব আলম ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন। পরে আদালত চত্বরের শহীদ সোহেল-জগন্নাথ মঞ্চে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
২০০৫ সালের ১৪ নভেম্বর সকাল ৯টার দিকে সরকারি বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে দুই বিচারককে বহনকারী মাইক্রোবাসে বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি। এতে ঘটনাস্থলেই একজন বিচারক নিহত হন এবং অন্যজন পরে মারা যান।
এ ঘটনায় করা মামলায় ২০০৬ সালের ২৯ মে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহমেদ সাতজনকে মৃত্যুদণ্ড দেন। উচ্চ আদালতে রায় বহাল থাকার পর ২০০৭ সালের ২৯ মার্চ দেশের বিভিন্ন কারাগারে জেএমবির ছয় শীর্ষ নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ছিলেন সংগঠনটির প্রধান শায়খ আবদুর রহমান ও সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাই।
দুই বিচারক হত্যার এ ঘটনা দেশের বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে গভীর আলোড়ন সৃষ্টি করেছিল। ২১ বছর পরও শ্রদ্ধা ও বেদনার সঙ্গে নিহত দুই বিচারককে স্মরণ করা হচ্ছে।