বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সংশোধিত বাজেটে বাড়তি বরাদ্দ চাওয়া যাবে না, নতুন ভবন-গাড়ি কেনায় বিধিনিষেধ

২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নের পরিপত্রে মূল বাজেটের মোট ব্যয়ের মধ্যেই সমন্বয়ের নির্দেশ দিয়েছে অর্থ বিভাগ।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বাজেটে মন্ত্রণালয় ও বিভাগগুলোর বাড়তি বরাদ্দ চাওয়ার সুযোগ বন্ধ করেছে অর্থ বিভাগ। মূল বাজেটে নির্ধারিত মোট ব্যয়ের মধ্যেই বিভিন্ন খাতের বরাদ্দ কমিয়ে-বাড়িয়ে অগ্রাধিকার খাতে অর্থ দিতে হবে। সংশোধিত বাজেট প্রাক্কলন প্রণয়নের পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, কোনোভাবেই মূল বাজেটের মোট ব্যয়ের চেয়ে বেশি বরাদ্দ দাবি করা যাবে না। সংশোধিত পরিচালন ও উন্নয়ন বাজেটের প্রস্তাব আগামী ২৬ নভেম্বরের মধ্যে পাঠাতে হবে।

সরকারি অর্থে মোটরযান, জলযান ও আকাশযানসহ সব ধরনের যানবাহন কেনার বরাদ্দ ব্যবহার বন্ধ থাকবে। তবে ১০ বছরের বেশি পুরোনো যানবাহন প্রতিস্থাপন ও নতুন সরকারি প্রতিষ্ঠানের প্রয়োজনে অর্থ বিভাগের অনুমোদন নিয়ে গাড়ি কেনা যাবে। ২০২৬ সালের ৩০ জুলাইয়ের আগে অনুমোদিত উন্নয়ন প্রকল্পে এই শর্ত শিথিলযোগ্য। সরকারি অর্থে নতুন ভবন নির্মাণেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

পরিচালন বাজেটে ভূমি অধিগ্রহণ খাতে এবং সরকারি কর্মচারীদের গাড়ি কেনার বিশেষ অগ্রিম খাতে কোনো বরাদ্দ রাখা যাবে না। সরকারি অর্থে সব ধরনের বৈদেশিক প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালা বন্ধ থাকবে, তবে অত্যাবশ্যক ক্ষেত্রে যথাযথ অনুমোদন নিয়ে সীমিত পরিসরে ব্যয় করা যাবে।

আপ্যায়ন, অনুষ্ঠান ও উৎসবের মতো খাতে অপরিহার্য বিবেচনায় বরাদ্দ রাখা গেলেও আড়ম্বর পরিহার করে সাশ্রয়ী হওয়ার নির্দেশ দিয়েছে অর্থ বিভাগ। পাশাপাশি সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে প্রকল্পের সংখ্যা কমাতে বলা হয়েছে।