শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

আগামী বছরের মধ্যে ব্যাংকের মোট ঋণের ৩৫ শতাংশ এসএমইতে চান গভর্নর; করপোরেট খাতে ৪০ শতাংশের মধ্যে নামানোর তাগিদ

চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ে গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেন, করপোরেট প্রতিষ্ঠানের উচিত পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করা।

আগামী বছরের মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট বিনিয়োগের ৩৫ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) খাতে দেখতে চান বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই সঙ্গে করপোরেট খাতে ব্যাংকের বিনিয়োগের অংশ ৪০ শতাংশের মধ্যে নামিয়ে আনার ওপর জোর দিয়েছেন তিনি। শুক্রবার (২০ নভেম্বর) চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, ভবিষ্যতে করপোরেট প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের অর্থ পুঁজিবাজার থেকে সংগ্রহ করা উচিত। ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকের (জানুয়ারি–মার্চ) মুদ্রানীতির আগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ব্যবসায়ী নেতারা উৎপাদন ব্যয় কমাতে ঋণের সুদহার কমানোর পরামর্শ দেন। ডলারের বিপরীতে টাকার বিনিময় হার স্থিতিশীল রাখার দাবিও তোলেন তাঁরা। তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি সেলিম রহমান বলেন, ব্যবসায়ীরা খরচ বৃদ্ধির চাপ সামাল দিতে পারেন, কিন্তু অনিশ্চয়তা সামাল দিতে পারেন না। চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবিদা মোস্তফা বলেন, ডলারের বিপরীতে টাকার বিনিময় হার স্থিতিশীল না হলে বিদেশি বিনিয়োগ আসবে না।

মূল্যস্ফীতি প্রসঙ্গে গভর্নর বলেন, দাম কমাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি বাজারে পণ্যের সরবরাহ বাড়াতে হবে। বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ এ ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন এবং চলতি অর্থবছরেই প্রণোদনার অর্থ ছাড়ে জোর দেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহসভাপতি এ এম মাহবুব চৌধুরীর প্রশ্নের জবাবে গভর্নর বলেন, যে রপ্তানি আয় এখনো দেশে আসেনি, তা আনতে বিদেশে বাংলাদেশের দূতাবাস ও বিভিন্ন সংস্থার সহায়তা নেওয়া হচ্ছে। পাচার হওয়া অর্থ ফেরাতেও কাজ চলছে বলে জানান তিনি। মুদ্রানীতির সময়সূচি নিয়ে তিনি বলেন, সংসদীয় স্থায়ী কমিটির পরামর্শে প্রতি তিন মাসে মুদ্রানীতি প্রণয়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।