বিচারকেরা প্রয়োজনীয় তথ্য ও আইনি রেফারেন্স খোঁজার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করতে পারেন, তবে রায় প্রস্তুত বা রায় লেখায় এর ওপর নির্ভর করা যাবে না। শনিবার চট্টগ্রামে বিচারকদের উদ্দেশে এক অভিভাষণে এ কথা বলেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
প্রধান বিচারপতি বলেন, রায়ের অপারেটিভ অংশ অবশ্যই সংশ্লিষ্ট বিচারককে নিজ হাতে ও নিজস্ব বিচারিক বিবেচনায় লিখতে হবে। তাঁর ভাষায়, বিচারিক সিদ্ধান্ত গ্রহণে বিচারকের নিজস্ব মেধা, মনন ও আইনগত বিশ্লেষণই প্রাধান্য পাবে। বিচারকার্যে মামলার আইনগত দিকের পাশাপাশি দেশের সামাজিক বাস্তবতা ও মানবিক দৃষ্টিভঙ্গিও বিবেচনায় নিতে হবে বলে তিনি উল্লেখ করেন। মাদক ও অস্ত্রসংক্রান্ত মামলার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণের কথাও বলেন তিনি।
চট্টগ্রাম বিভাগের ১১টি জেলায় কর্মরত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের জন্য চট্টগ্রামের একটি হোটেলে এ অনুষ্ঠান হয়। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিচারকদের ব্যক্তিগত আচরণ নিয়ে প্রধান বিচারপতি বলেন, একজন বিচারকের আচরণ শুধু এজলাসের মধ্যে সীমাবদ্ধ নয়; আদালতের বাইরেও তাঁর আচরণে বিচারকের মর্যাদা, দায়িত্ববোধ ও ব্যক্তিত্বের প্রতিফলন থাকতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক ব্যবহারে বিচারকদের অত্যন্ত সতর্ক ও দায়িত্বশীল থাকতে বলেন তিনি। এজলাসে বসে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার ও মুঠোফোন বহন থেকেও বিরত থাকার নির্দেশনা দেন।
আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, অকারণে দীর্ঘ সময় নেওয়ার প্রবণতা পরিহার করতে হবে এবং শুনানির জন্য সময় সীমিত ও সুনির্দিষ্টভাবে নির্ধারণ করতে হবে। সময় মঞ্জুর করাকে কোনোভাবেই রুটিন কাজে পরিণত করা যাবে না। আদালতের সময় অত্যন্ত মূল্যবান উল্লেখ করে তিনি বলেন, তার যথাযথ ব্যবহারে মামলা নিষ্পত্তিতে গতি আনতে হবে। অনুষ্ঠানে হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দস জামান, বিচারপতি আহমেদ সোহেল এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হেমায়েত উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন।