ত্রয়োদশ জাতীয় সংসদের একটি সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির একক প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সোমবার তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
মঙ্গলবার নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই শেষে নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব ও এই উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান তা বৈধ ঘোষণা করেন। এলিজা একক প্রার্থী হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর; ওই সময় শেষে তাঁকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে ইসি।
১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে আসনটি শূন্য হয়। রাজধানীর মিরপুরের রাড্ডা মাতৃ ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় তাঁর নাম আসে। পরে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি সংসদ সদস্য পদ ছেড়ে দেন।
এলিজা জামান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক। জাতীয় সংসদের মোট আসন ৩৫০টি; এর মধ্যে ৩০০ আসনে সরাসরি ভোটে সদস্য নির্বাচিত হন, আর ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। জাতীয় নির্বাচনে কোনো দল বা জোটের প্রাপ্ত আসনের অনুপাতে এই ৫০ আসন বণ্টন করা হয়। চলতি সংসদে বিএনপি ৩৬টি সংরক্ষিত নারী আসন পেয়েছে।