বগুড়া শহরের সাতমাথায় অবস্থিত বগুড়া সরকারি কলেজে উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষার্থী ১ হাজার ৮২১ জন। কিন্তু পাঠদানের জন্য নিয়মিত শিক্ষক আছেন মাত্র চারজন। ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়সহ ছয়টি বিষয়ে কোনো শিক্ষকই নেই।
কলেজ প্রশাসন সূত্র জানায়, ১৯৬২ সালে বগুড়া গভর্নমেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। তখন অধ্যক্ষসহ শিক্ষকের পদ ছিল আটটি। ২০১৬ সালের ১২ মে এটিকে সাধারণ কলেজে রূপান্তর করে বগুড়া সরকারি কলেজ নামকরণ করা হয়। এখন উচ্চমাধ্যমিকে ২৪টি বিষয়ে পাঠদানের অনুমতি থাকলেও পুরোনো সেই আটটি পদ নিয়েই কার্যক্রম চলছে। অনুমোদিত পদের মধ্যে নিয়মিত পদ সাতটি, এর মধ্যেও তিনটি দীর্ঘদিন ধরে শূন্য।
ইংরেজি, আইসিটি, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, কৃষিবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান—এই ছয় বিষয়ে এখন কোনো শিক্ষক নেই। বাংলা, অর্থনীতি, গণিতসহ পাঁচটি বিষয়ে পাঠদান চলছে একজন করে শিক্ষক দিয়ে। শিক্ষক না থাকায় অনুমোদন থাকা সত্ত্বেও পরিসংখ্যান, ভূগোল, সমাজবিজ্ঞান ও সমাজকর্ম—এই চারটি বিষয় শিক্ষার্থীরা নিতে পারেন না।
ইংরেজি, বাংলা ও আইসিটি সব শিক্ষার্থীর জন্যই আবশ্যিক। ইংরেজি ও আইসিটিতে তিনজন করে শিক্ষকের চাহিদা থাকলেও একজনও নেই; ১ হাজার ৮২১ জনকে বাংলা পড়াচ্ছেন একজন শিক্ষক। রাষ্ট্রবিজ্ঞানে ৬০০, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে ৩৬২, দর্শনে ৩১৫ এবং কৃষিবিজ্ঞানে ৪১৮ শিক্ষার্থী থাকলেও এসব বিষয়ে শিক্ষক নেই।
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মার্জিয়া আকতার বলেন, প্রতিদিন আশা নিয়ে কলেজে এসে শিক্ষকের অপেক্ষায় বসে থাকতে হয়, বেশির ভাগ দিনই ক্লাস হয় না। আরেক শিক্ষার্থী জোবায়ের হোসেন বলেন, সমস্যা সমাধানে কারও উদ্যোগ চোখে পড়ছে না।
এই সংকটের মধ্যেও ফল তুলনামূলক ভালো। ২০২৬ সালের এইচএসসিতে দেশের সার্বিক পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ এবং রাজশাহী বোর্ডের ৪৫ দশমিক ০৬ শতাংশ হলেও এ কলেজের পাসের হার ছিল ৮৯ দশমিক ৯০ শতাংশ। ৭৭২ জন পরীক্ষা দিয়ে ৬৯৪ জন পাস করেন, জিপিএ-৫ পান ১০৭ জন।
বৃহস্পতিবার অবসরে যাওয়া অধ্যক্ষ অধ্যাপক মতিউর রহমান জানান, জনবল বাড়েনি; পাঠদান সচল রাখতে ১১ জন খণ্ডকালীন শিক্ষক এবং অন্য কলেজ থেকে ১৪ জন শিক্ষককে প্রেষণে আনা হয়েছে। স্থায়ী ও বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ না হলে সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।