নওগাঁর ধামইরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, অবৈধ পারাপার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে তৎপরতা বাড়িয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় দিনরাত টহল জোরদার করা হয়েছে, বিশেষ টহল চালানো হচ্ছে, গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারিও চলছে। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবীব বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে সীমান্ত ব্যবহার করে অবৈধ কর্মকাণ্ড চালাতে বা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে বিজিবি সজাগ রয়েছে। এ ধরনের কাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সীমান্তবর্তী মানুষের সঙ্গে সমন্বয় এবং জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হচ্ছে। সীমান্তবর্তী বাসিন্দাদের সব ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি সন্দেহজনক কিছু চোখে পড়লে নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানাতে অনুরোধ করেছেন তিনি। অধিনায়কের ভাষ্য, সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।