শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

স্থানীয় ঋণপত্রের তথ্য আদান-প্রদানে ‘বার্তা’ প্ল্যাটফর্ম চালু; নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের, এক মাসের মধ্যে ডলারের স্বয়ংক্রিয় নিলাম

মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির অনুষ্ঠানে অর্থমন্ত্রী ও গভর্নর বলেছেন, মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় সুদহার আরও কমানো ভাবা যায়।

দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে স্থানীয় ঋণপত্রের (লোকাল এলসি) তথ্য আদান-প্রদান আরও দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করতে ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট’ বা ‘বার্তা’ নামের একটি প্ল্যাটফর্ম চালু হয়েছে। আজ শনিবার মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

অনুষ্ঠানে গভর্নর ব্যবসায়ীদের অর্থায়নের খরচ কমানোর প্রসঙ্গে নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত দেন। তিনি বলেন, ইতিমধ্যে নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট কমানো হয়েছে এবং মূল্যস্ফীতি যেহেতু কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, ভবিষ্যতে এটি আরও কমানোর চিন্তা করা যায়। গত ৩১ জুলাই নীতি সুদহার ১০ শতাংশ থেকে কমিয়ে ৯ দশমিক ৫০ শতাংশ করা হয়েছিল।

গভর্নর আরও জানান, বৈদেশিক মুদ্রার বাজারে কারসাজির সুযোগ বন্ধ করতে বাংলাদেশ ব্যাংক স্বয়ংক্রিয় নিলামব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে। এ জন্য এমন একটি সফটওয়্যার তৈরি করা হচ্ছে, যাতে ক্রেতা ও বিক্রেতার পরিচয় কেউ দেখতে পাবেন না। আগামী এক মাসের মধ্যে এটি চালু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তাঁর ভাষ্য, ‘বার্তা’ প্ল্যাটফর্মটি উচ্চমাত্রার সাইবার নিরাপত্তা নিশ্চিত করে তৈরি এবং চালুর আগে বিভিন্নভাবে পরীক্ষা করা হয়েছে।

অর্থমন্ত্রী অনুষ্ঠানে বলেন, “দেশে-বিদেশে যেখানে যাই সেখানেই আমদানি-রপ্তানি বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত কাস্টমস ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ে কথা শুনতে হয়।” তিনি জাপান ও কোরিয়ায় সফরের কথা উল্লেখ করেন। উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, এনবিআরসহ সব বিষয়ে পারস্পরিক আলোচনা অব্যাহত রাখতে চান এবং সংস্কারে সরকার যতই সক্রিয় হোক, ব্যবসায়ীরা এগিয়ে না এলে কাজ হবে না।