রাইজিং স্টার্স এশিয়া কাপের জন্য সাইফ হাসানের নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রোববার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দল জানানো হয়।
দক্ষিণ আফ্রিকায় টেস্ট স্কোয়াডে সুযোগ পাওয়ায় টুর্নামেন্টে যেতে পারছেন না নাঈম শেখ। তাঁর বদলি হিসেবে দলে এসেছিলেন সাইফ হাসান; এবার নেতৃত্বও তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে। প্রাথমিক স্কোয়াডের সঙ্গে সবচেয়ে বড় পরিবর্তন এটিই।
জাতীয় দলের নিয়মিত ক্রিকেটারদের মধ্যে পারভেজ হোসেন ইমনকে রাখা হয়েছে। মিডল অর্ডারে খেলার জন্য শাহাদাত হোসেন দিপুকে জায়গা দেওয়া হয়েছে। স্কোয়াডে আছেন আন্তর্জাতিক ম্যাচ খেলা অভিজ্ঞ সাব্বির রহমান, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন ও ইয়াসির আলি চৌধুরী। দলে আছেন ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞ ইরফান শুক্কুরও। প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও এস এম মেহরব।
কাতারে ১৯ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে রাইজিং স্টার্স এশিয়া কাপের এবারের আসর, যা হবে ওয়ানডে ফরম্যাটে। দুই গ্রুপে ভাগ হয়ে আটটি দল অংশ নেবে। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ‘এ’ দল খেললেও হংকং, সংযুক্ত আরব আমিরাত ও নেপালের মূল দল মাঠে নামবে।
বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে; তাদের প্রতিপক্ষ আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং। ‘বি’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে আছে সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। ম্যাচগুলো হবে দোহার দুটি ভেন্যুতে—ওয়েস্ট এন্ড আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও ইউনিভার্সিটি অব দোহা ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি মাঠে।
দলের অন্য সদস্যরা হলেন ইফতেখার হোসেন ইফতি, আফিফ হোসেন ধ্রুব, সামিউন বশির রাতুল, রাকিবুল হাসান, মোহাম্মদ রুবেল, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, ইকবাল হোসেন ইমন ও রিপন মণ্ডল।