সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের হাইকোর্টের আদেশ স্থগিত করল আপিল বিভাগ, নির্ধারিত সূচিতেই পরীক্ষার পথ খুলল

এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশ পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ রাখার আদেশ স্থগিত হওয়ায় আইনি বাধা কেটেছে।

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত রাখার যে আদেশ হাইকোর্ট দিয়েছিলেন, তা স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আইনজীবীরা জানিয়েছেন, এর ফলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো নির্ধারিত সময়েই ভর্তি পরীক্ষা নিতে পারবে।

আজ সোমবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করেছিল। সেই আবেদনের শুনানি শেষে আদালত বেলা সাড়ে ১১টায় আদেশের সময় নির্ধারণ করেন।

এর আগে ১৮ নভেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চ পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশ পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশ দেন। একই সঙ্গে এইচএসসির সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের আগেই ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছিল।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা আগে জানিয়েছিলেন, প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। এর ফল প্রকাশের কথা ২৩ ডিসেম্বর। এ বিষয় বিবেচনায় নিয়ে হাইকোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা স্থগিত করেছিলেন।

এদিকে ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। আপিল বিভাগের আদেশের ফলে ঢাবিসহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজনে এখন আর কোনো আইনি বাধা নেই।