বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

গফরগাঁওয়ে চলন্ত তিস্তা এক্সপ্রেসের হুক ভেঙে দুই বগি বিচ্ছিন্ন, এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন বন্ধ

মঙ্গলবার সকালে গফরগাঁও-ধলা স্টেশনের মাঝামাঝি দুটি বগি ইঞ্জিন থেকে প্রায় দুই কিলোমিটার পেছনে পড়ে যায়; চালকের নজরে এলে ট্রেন থামানো হয়।

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের দুটি বগির হুক ভেঙে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে প্রায় এক ঘণ্টা সাময়িকভাবে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিটে গফরগাঁও-ধলা রেলওয়ে স্টেশনের কাছে বড়তলা এলাকায় ঘটনাটি ঘটে।

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এইচ এম বাসার বিষয়টি নিশ্চিত করেছেন। রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস সকাল ১০টা ৩০ মিনিটে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। পরবর্তী স্টেশন ধলায় প্রবেশের আগে ২৬৮/৭ কিলোমিটার রেলপথে হঠাৎ দুটি বগির হুক ভেঙে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এতে ইঞ্জিন থেকে ১০১৪ ও ১০২৮ নম্বর বগি পেছন থেকে বিচ্ছিন্ন হয়ে প্রায় দুই কিলোমিটার দূরে চলে যায়। বিষয়টি ট্রেনচালকের নজরে এলে তিনি দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। বগি দুটি আবার সংযুক্ত করার সময় ওই রুটে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকে।