নওগাঁর রাণীনগরে সুপারি ব্যবসায়ীকে মারধর করে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত একজনসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ঢাকার আশুলিয়া এলাকায় যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়। মঙ্গলবার দুপুরে এসআরবি-৫–এর নাটোর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৪ জুন ভোর সাড়ে ৪টার দিকে নওগাঁ সদর উপজেলার চকবুলাকী সোনারপাড়া গ্রামের সুপারি ব্যবসায়ী রফিকুল ইসলাম (৪৭), রাণীনগর সদর বাজারের আনিছুর প্রামাণিক ও এক ভ্যানচালক চার্জার ভ্যানে করে নাটোরে সুপারি কিনতে যাচ্ছিলেন। রাণীনগর-আত্রাই-নাটোর সড়কের চকের ব্রিজ এলাকায় একদল ছিনতাইকারী তাঁদের গতিরোধ করে। ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে তাঁদের কাছ থেকে ৪৫ হাজার ৮০০ টাকা ও প্রায় ১৯ হাজার টাকা মূল্যের দুটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়। আহত রফিকুলকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরদিন তিনি বাদী হয়ে রাণীনগর থানায় মামলা করেন।
এসআরবি জানায়, মামলার পর এসআরবি-৫–এর নাটোর ক্যাম্পের একটি বিশেষ দল ছায়া তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম শুরু করে। পরে এসআরবি-৫ ও এসআরবি-৪–এর নবীনগর ক্যাম্পের যৌথ দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, মূল পরিকল্পনাকারীসহ কয়েকজন আসামি আশুলিয়ায় আত্মগোপনে আছেন। সোমবার রাতে আশুলিয়া থানার মোজার মিল ও ইপিজেড এলাকায় পৃথক অভিযানে শফিকুল ইসলাম ওরফে সজীব কাজী (৪০) ও শাকিল ইসলামকে (২৭) গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজনই রাণীনগর উপজেলার বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার এই দুজন আদালতে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত নির্দোষ বলে বিবেচিত।