বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের রুপারজোর গ্রামটি বিষখালী নদীর অব্যাহত ভাঙনে ক্রমেই মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। গত চার-পাঁচ বছরে নদীর ভাঙনে মসজিদসহ ৮ থেকে ১০টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে।
ভাঙন অব্যাহত থাকায় এখন চরম ঝুঁকির মুখে পড়েছে রুপারজোর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসাসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে যেকোনো সময় এসব শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান নদীতে বিলীন হয়ে যেতে পারে। তাতে শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বসতভিটা হারিয়ে অনেক পরিবার ইতিমধ্যে নিঃস্ব হয়ে পড়েছে এবং নদীতীরের বাসিন্দারা প্রতিদিন আতঙ্কে দিন কাটাচ্ছেন।
শিক্ষক আলতাফ হোসেন বলেন, বিষখালীর অব্যাহত ভাঙনে গ্রামের মানচিত্র পাল্টে গেছে; ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। নিয়ামতি ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম মোস্তফা বলেন, গ্রামটি এমনিতেই অবহেলিত, তার ওপর ভাঙন এলাকাবাসীর দুর্ভোগ বাড়িয়েছে। সরকার অবিলম্বে প্রতিরোধে ব্যবস্থা না নিলে একসময় পুরো গ্রামই নদীতে বিলীন হয়ে যেতে পারে।
এলাকাবাসী বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা রক্ষায় প্রধানমন্ত্রী, পানিসম্পদমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ চেয়েছেন। তাঁদের দাবি, ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করে স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। বিষয়টি নজরে আনা হলে বাকেরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ভাঙনে ফসলি জমি, বসতভিটা ও শিক্ষাপ্রতিষ্ঠান হুমকির মুখে আছে এবং অতি শিগগিরই ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।