বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

হাসিনার ফেরার পরিকল্পনা ও প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত; প্রত্যর্পণের অনুরোধ বিবেচনায় আছে বলে জানাল দিল্লি

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিয়মিত ব্রিফিংয়ে বলেছেন, একটি অনুরোধ বিবেচনা করা হচ্ছে, অন্যটি একজন নাগরিকের স্বেচ্ছায় দেশে ফেরার ইচ্ছা।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা এবং তাঁকে প্রত্যর্পণে ঢাকার অনুরোধ এক বিষয় নয়, দুটি আলাদা বিষয়। গতকাল বুধবার সন্ধ্যায় নয়াদিল্লিতে মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল এ কথা বলেন।

জয়সোয়াল বলেন, একটি বিষয় হলো শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ, যা দেশের প্রতিষ্ঠিত প্রক্রিয়ার আওতায় বিবেচনা করে দেখা হচ্ছে। অন্য বিষয়টি হলো, একজন নাগরিক প্রয়োজনীয় ভ্রমণনথি নিয়ে স্বেচ্ছায় নিজের দেশে ফিরে যেতে চাইছেন; সেটি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা। প্রত্যর্পণ নিয়ে নতুন কোনো খবর আছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, বিদ্যমান প্রক্রিয়া অনুযায়ীই বিষয়টি দেখা হচ্ছে।

এর আগের দিন একটি আন্তর্জাতিক বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন বলে তাঁর মুখপাত্র জানিয়েছেন। দিল্লি থেকে দেশে ফেরার জন্য তিনি বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন বলেও ওই প্রতিবেদনে বলা হয়। জবাবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়, শেখ হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি এবং তাঁকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীই ফিরতে হবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করা হবে। শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান। ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জুলাই গণ-অভ্যুত্থানের সময়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দেন।

ব্রিফিংয়ে সম্প্রতি নড়াইল ও পাবনাসহ কয়েকটি স্থানে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার অভিযোগ নিয়ে প্রশ্ন করা হয়। জয়সোয়াল বলেন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণের ঘটনা উদ্বেগজনক এবং বাংলাদেশ সরকারের উচিত সব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে অপরাধীদের বিচার করা। নড়াইলের ঘটনা নিয়ে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে অবশ্য বলা হয়েছে, বেন্দারচর গ্রামে হিন্দুদের ঘরবাড়িতে হামলার প্রচার মিথ্যা; ওই এলাকায় কোনো হিন্দু বসতি নেই।

গঙ্গা পানিচুক্তির নবায়ন নিয়ে জয়সোয়াল নতুন কিছু জানাননি। তিনি বলেন, গঙ্গাসহ অভিন্ন নদীর পানিবণ্টনসংক্রান্ত সিদ্ধান্ত দুই দেশের যৌথ নদী কমিশনের কাঠামোয় নেওয়া হয়।