রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে নির্ধারিত বালুমহালের বাইরে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আলম হোসেন নামে একজনকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পদ্মা নদীতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত আলম হোসেন উপজেলার গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান অনন্যার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে অংশ নেন নৌ পুলিশ, থানা পুলিশ, পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান অনন্যা জানান, লক্ষ্মীনগর বালুমহাল ও চকরাজাপুর এলাকার বিভিন্ন পয়েন্টে অভিযান ও টহল চালানো হয়। এ সময় চকরাজাপুর এলাকায় পদ্মা নদীতে ড্রেজার দিয়ে নির্ধারিত বালুমহালের বাইরে অবৈধভাবে বালু তোলার প্রমাণ পাওয়া যায়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় আলম হোসেনকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
তিনি আরও জানান, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান ও টহল অব্যাহত থাকবে।