নেপালে অনুষ্ঠেয় প্রথম সাওরাহা ইন্টারন্যাশনাল ওপেন তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে অংশ নিতে গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক মিলিয়ে পাঁচ শিক্ষার্থী। শুক্রবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁরা নেপালের উদ্দেশে রওনা হন। তাঁদের সঙ্গে কোচ হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের উপপরিচালক ও তায়কোয়ান্দো কোচ কামরুজ্জামান চঞ্চল।
নেপালের চিতওয়ান জেলার সাওরাহায় ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। বিভিন্ন দেশের খেলোয়াড়েরা কিয়োরুগি (ফাইট) ও ব্যক্তিগত পুমসে (কৌশল প্রদর্শনী) বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হয়ে অংশ নিচ্ছেন ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শাহীন আলী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবাহ কানেতা তারিক ও কামরুজ্জামান এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের মরিয়ম। সাবাহ কানেতা তারিক ব্যক্তিগত পুমসে বিভাগে, শাহীন আলী পুমসে ও কিয়োরুগি—দুই বিভাগে এবং কামরুজ্জামান ও মরিয়ম কিয়োরুগি বিভাগে লড়বেন।
শাহীন আলী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বর্ণপদক জিতেছেন; আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতাতেও তিনি সোনা পেয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের তায়কোয়ান্দো ক্লাবের সভাপতি। সাবাহ কানেতা তারিক প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ান্দো প্রতিযোগিতা-২০২৬-এ স্বর্ণপদক এবং ২২তম সিনিয়র/জুনিয়র জাতীয় প্রতিযোগিতায় রৌপ্যপদক পেয়েছেন। মরিয়ম জাতীয় পর্যায়ে ব্রোঞ্জ ও রৌপ্য এবং আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন।
দলের পঞ্চম সদস্য বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সাবেক শিক্ষার্থী রিদওয়ান তাসকিন রাতুল। ২০১৮ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি তায়কোয়ান্দো ফেস্টিভ্যালে তিনি রৌপ্যপদক পেয়েছিলেন। বর্তমানে তিনি রাজশাহীর একটি তায়কোয়ান্দো অ্যাকাডেমির প্রধান প্রশিক্ষক।