মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে তিন দিনে ২৫ থেকে ৩০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা প্রতিহত করার দাবি করেছে ৫২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার বিকেলে ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিলেটের বিয়ানীবাজারে অবস্থিত ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, জুড়ী ও বড়লেখা উপজেলার দুর্গম পাহাড়ি ও ঘন বনাঞ্চল-সংলগ্ন সীমান্ত দিয়ে গত তিন দিনে এই চেষ্টা চালায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি তা প্রতিহত করে। ঠেলে পাঠাতে চাওয়া ব্যক্তিদের মধ্যে মানসিকভাবে অসুস্থ এক ভারতীয় নাগরিকও রয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
তবে ঠিক কখন এবং কোন সীমান্ত দিয়ে এসব চেষ্টা চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তিতে বলা হয়নি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। পুশ ইনের চেষ্টার খবর পাওয়ামাত্র বিজিবি সদস্যরা দ্রুত পদক্ষেপ নেন। নিবিড় নজরদারি, গোয়েন্দা তথ্যের যথাযথ ব্যবহার এবং স্থানীয় জনগণের সহযোগিতায় পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলা করা হয়েছে বলেও জানায় বিজিবি। বিএসএফের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।