বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হওয়া বৃষ্টি আরও প্রায় দুই দিন চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকালে ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করতে শুরু করে। এর প্রভাবে উপকূলীয় ও অভ্যন্তরীণ অঞ্চলে হালকা থেকে অতি ভারী বর্ষণ এবং দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আভাস রয়েছে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে পড়েছে। ওড়িশা উপকূল অতিক্রম করার প্রক্রিয়া শেষ হতে দুই থেকে তিন ঘণ্টা লাগতে পারে। এর প্রভাবে উপকূলীয় জেলার পাশাপাশি ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে যশোরে, ১২৩ মিলিমিটার। কোথাও ২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে তা অতি ভারী বর্ষণ হিসেবে ধরা হয়। এ ছাড়া সাতক্ষীরায় ৬০, চাঁদপুরে ৫০, খুলনায় ৪৯, কয়রায় ৪৬, কুমিল্লায় ৪১, মাদারীপুর ও গোপালগঞ্জে ৩৬ এবং বরিশালে ৩১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। ঢাকায় বৃষ্টি হয়েছে ১৯ মিলিমিটার।
শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ জন্য ওই এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, ঘূর্ণিঝড়ের কেন্দ্র বাংলাদেশে না এলেও ভারতের উপকূল অতিক্রমের সময় সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস বাংলাদেশের দিকে আসে। এতে সারি সারি মেঘ তৈরি হয় এবং বৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে নভেম্বরে সারা দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছিল।