নেত্রকোনার পূর্বধলা উপজেলায় শনিবার রাতে এক যুবদল নেতাকে কুপিয়ে জখমের ঘটনার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যসহ কয়েকজনের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।
শনিবার রাত আটটার দিকে বিশকাকুনী ইউনিয়নের পুটিকা বাজার এলাকায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বকর রানার ওপর হামলা হয়। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পূর্বধলা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে প্রায় ২০টি মোটরসাইকেলে নেতা-কর্মীরা উপজেলা সদরের রেলক্রসিং এলাকা থেকে বের হন। তাঁরা যাত্রাবাড়ী, হরিশতলা ও পুটিকা বাজার এলাকায় যান। পুটিকা বাজারে গিয়ে তাঁরা ‘জয় বাংলা’ স্লোগান দিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বাধা দেন। এ সময় আবু বকর রানাকে কুপিয়ে জখম করা হয়।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হন। রাত ১০টার দিকে তাঁরা বিশকাকুনী ইউনিয়নের বড়রুহি এলাকায় যুবলীগ নেতা রফিকুল ইসলামের বাড়িতে আগুন ধরিয়ে দেন। এরপর নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের ধলা যাত্রাবাড়ী গ্রামের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। আহমদ হোসেনের বড় ভাই ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেনের বাবা আমজাদ হোসেনের বাড়িতে ভাঙচুর ও লুটপাট হয়েছে।
রাত পৌনে ১২টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, একই ইউনিয়নের বাদে পুটিকা গ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কমিটির সদস্য আবুল বাশার খানের বাড়িতে আগুন দেওয়া হয়। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও যুক্তরাষ্ট্রপ্রবাসী আমানুর রশিদ খানের বাট্টা গ্রামের বাড়িতেও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঠোফোনে বলেন, যুবদল নেতার ওপর অতর্কিত হামলার কারণেই এসব ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।