ফরিদপুরের সদরপুর উপজেলার তরুণ উদ্ভাবক মারুফ মোল্যা নিজের তৈরি এক আসনের ছোট বিমান নিয়ে আকাশে উড়েছেন। লাল রঙের বিমানটি গত ১৩ নভেম্বর (শুক্রবার) সদরপুরের আকোটেরচর ইউনিয়নের গুচ্ছগ্রামসংলগ্ন পদ্মা নদীর বিস্তীর্ণ চরে সফলভাবে উড্ডয়ন করে। কিছুক্ষণ আকাশে থাকার পর নিরাপদে অবতরণ করেন তিনি। যদিও বিমানটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং কাঙ্ক্ষিত উচ্চতায় পৌঁছাতে পারেনি।
মারুফের বাড়ি সদরপুরের চরবিষ্ণপুর ইউনিয়নের খেজুরতলা গ্রামে। তিনি জানান, কক্সবাজারে বেড়াতে গিয়ে প্যারাগ্লাইডারে মানুষকে উড়তে দেখে তাঁরও আকাশে ওড়ার ইচ্ছা জাগে। ইউটিউবের ভিডিও দেখে প্রায় ছয় মাসের চেষ্টায় তিনি একটি প্যারাগ্লাইডার তৈরি করেন এবং গত বছর সেটি নিয়ে আকাশে উড়তে সক্ষম হন। পরে মানিকগঞ্জের উদ্ভাবক জুলহাসের তৈরি বিমান দেখে অনুপ্রাণিত হয়ে ছোট বিমান তৈরির উদ্যোগ নেন।
প্রায় সাত মাসের প্রচেষ্টায় দেড় লাখ টাকা ব্যয়ে এক আসনের বিমানটি তৈরি করেন মারুফ। শুরুতে কয়েক দফা চেষ্টা করেও তিনি বিমানটি ওড়াতে পারেননি। পরে মানিকগঞ্জের বিমান নির্মাতা জুলহাস এসে কারিগরি ত্রুটি শনাক্ত করে প্রয়োজনীয় পরামর্শ দেন। সেই পরামর্শ অনুযায়ী সংশোধনের পর অবশেষে বিমানটি সফলভাবে আকাশে ওড়ে।
পরিবারের আর্থিক সংকটের কারণে এসএসসি পাসের পর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি মারুফ। তবে প্রযুক্তির প্রতি আগ্রহ থেকে ইউটিউব দেখে জ্ঞান অর্জন করে এবং নিজের চিন্তাভাবনা কাজে লাগিয়ে তিনি উদ্ভাবনী কাজ চালিয়ে যাচ্ছেন। তাঁর তৈরি বিমান দেখতে এখন প্রতিদিন বাড়িতে উৎসুক মানুষের ভিড় হচ্ছে।