পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় রাজশাহীর অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে তিন সিটি করপোরেশন ও এক পৌরসভার প্রশাসক, কর্মকর্তা এবং কমিউনিটি প্রতিনিধিদের অংশগ্রহণে তিন দিনের কর্মশালা শুরু হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজশাহী নগর ভবনের সিটি হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্টের আওতায় “অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক শিক্ষা, মূল্যায়ন ও পরিকল্পনা” শীর্ষক এ কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। রাজশাহীকে পরিচ্ছন্ন, সুন্দর, আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। নিয়মিত বর্জ্য সংগ্রহ, সড়ক ও নালা-নর্দমা পরিষ্কার, বর্জ্য স্থানান্তর এবং নাগরিক সচেতনতা বাড়ানোর কার্যক্রম চলছে বলে জানান তিনি। তাঁর মতে, পরিচ্ছন্ন নগর গড়ার দায়িত্ব শুধু সিটি করপোরেশনের নয়; নগরবাসী, পরিচ্ছন্নতাকর্মী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
প্রশাসক আরও জানান, নগরের উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা, আধুনিক ড্রেনেজ, নাগরিক সেবার মানোন্নয়ন, ফুটপাত দখলমুক্ত করা, ক্রীড়া অবকাঠামো ও সবুজায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে। আড়াই লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে। এ ছাড়া নগরকে নতুনভাবে সাজাতে মাস্টারপ্ল্যান তৈরি এবং নগর ভবনসহ সিটি করপোরেশনের বিভিন্ন ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, রাজশাহীর পরিচ্ছন্নতা ও সবুজায়ন কার্যক্রম সরেজমিনে দেখে অভিজ্ঞতা অর্জন করা এবং তা নিজ নিজ এলাকায় বাস্তবায়ন করাই কর্মশালার মূল লক্ষ্য। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান রাজশাহীর পরিচ্ছন্নতা ও সবুজায়ন কার্যক্রমকে প্রশংসনীয় বলে মন্তব্য করেন। তিনি জানান, রাজশাহীর অভিজ্ঞতা কাজে লাগিয়ে নারায়ণগঞ্জের পরিচ্ছন্নতা কার্যক্রম এগিয়ে নিতে চান তাঁরা।
অনুষ্ঠানে বক্তব্য দেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, জাইকা বাংলাদেশ অফিসের প্রতিনিধি সাওরি কোজিমা ও প্রকল্পের টিম লিডার রেমন্ড গার্সিয়া গো। স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক এ এস এম রাশেদুর রহমান। নগরীর কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তথ্য উপস্থাপন করেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন।