বুলগেরিয়ায় আজ রোববার প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট হচ্ছে। একই দিনে ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা এবং সার্বিয়ায় আগাম পার্লামেন্ট নির্বাচনে ভোট হচ্ছে।
বুলগেরিয়ায় ৬৫ লাখ নিবন্ধিত ভোটার ভোট দেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। নির্বাচনে মোট ২৭ জন প্রার্থী লড়ছেন। প্রচারে বেশি গুরুত্ব পেয়েছে কৃষ্ণ সাগরে বাড়তে থাকা উত্তেজনা, যেখানে ড্রোন ও বাণিজ্যিক জাহাজ জড়িয়ে হামলার ঘটনা নিরাপত্তা-উদ্বেগ বাড়িয়েছে। জ্বালানির দাম ও মূল্যস্ফীতিও বড় ইস্যু, বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য।
আলফা রিসার্চের একটি জরিপ অনুযায়ী, বর্তমান প্রেসিডেন্ট ইলিয়ানা ইওতোভা ৪৪.৫ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে আছেন। দ্বিতীয় স্থানে আছেন সাবেক তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আন্দ্রে গিউরভ, তাঁর সমর্থন ২৬.১ শতাংশ। জাতীয়তাবাদী ভাজরাজদানে দলের নেতা কোস্তাদিন কোস্তাদিনভ তৃতীয় হবেন বলে ধারণা, তাঁর সমর্থন ১০.৫ শতাংশ। ইওতোভা সাবেক ইউরোপীয় পার্লামেন্ট সদস্য। রুমেন রাদেভ সংসদীয় রাজনীতিতে যেতে পদত্যাগ করলে জানুয়ারিতে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব নেন। রাদেভের দুই মেয়াদে তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ক্ষমতাসীন প্রগ্রেসিভ বুলগেরিয়া দল তাঁর প্রার্থিতা সমর্থন করছে; এপ্রিলের সাধারণ নির্বাচনে দলটি সংসদে সংখ্যাগরিষ্ঠতা পায় এবং মে মাসে রাদেভ প্রধানমন্ত্রী হন। বিরোধী দলগুলো গিউরভকে সমর্থন করছে। তিনি কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর।
নিয়ম অনুযায়ী, প্রথম দফায় জয়ী হতে হলে বৈধ ভোটের ৫০ শতাংশের বেশি পেতে হবে এবং ভোটার উপস্থিতি নিবন্ধিত ভোটারের অর্ধেকের বেশি হতে হবে। শর্ত পূরণ না হলে আগামী রোববার, ১ নভেম্বর শীর্ষ দুই প্রার্থীর মধ্যে রানঅফ হবে। জরিপে উপস্থিতি ৪০ শতাংশের নিচে থাকতে পারে বলে আভাস মিলেছে, ফলে দ্বিতীয় দফার সম্ভাবনা বেশি। কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে রাত ৮টায় শেষ হবে; ভোটকেন্দ্রের বাইরে সারি থাকলে তা রাত ৯টা পর্যন্ত বাড়তে পারে।
ব্রাজিলে দ্বিতীয় দফায় লড়ছেন বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও সিনেটর ফ্লাভিও বলসোনারো। প্রথম দফায় কেউ প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নির্বাচন গড়িয়েছে দ্বিতীয় দফায়। শেষ দফার জনমত জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। লুলা চতুর্থ মেয়াদের জন্য লড়ছেন; আগামী সপ্তাহে তাঁর বয়স ৮১ বছর হবে। ফ্লাভিও বলেছেন, নির্বাচিত হলে সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে মুক্ত করা হবে তাঁর প্রথম কাজ। অভ্যুত্থানচেষ্টার মামলায় জইর বলসোনারোর ২৭ বছরের সাজা হয়েছে এবং তিনি এখন গৃহবন্দী।
সার্বিয়ায় আগাম পার্লামেন্ট নির্বাচনে এক দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আলেকসান্দার ভুসিচের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিক্ষার্থীদের সমর্থিত প্রার্থীরা। ২০২৪ সালে নোভি সাদে রেলস্টেশনের ছাউনি ধসে ১৬ জন নিহত হওয়ার পর দুর্নীতির অভিযোগ তুলে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। প্রায় দুই বছর ধরে চলা সেই সরকারবিরোধী আন্দোলনের মধ্যেই এই ভোট হচ্ছে।