রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৩৯টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬-২৭ শুরু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল স্টেডিয়ামে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাবির উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।
আয়োজকেরা জানান, ১৬ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই প্রতিযোগিতা চলবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য খেলোয়াড়, ম্যানেজার ও কোচদের অভিনন্দন জানান। তিনি খেলোয়াড়, কর্মকর্তা-কর্মচারী ও দর্শকদের সবাইকে শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ করেন। তিনি বলেন, সামান্য বিষয় নিয়ে অনেক সময় ঘটনা বহুদূর গড়ায়; কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সে আশাই করেন তিনি। প্রতিযোগিতার চারটি গেমসের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ সহযোগিতা দেবে বলেও আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. মো. আরিফুর রহমান। তিনি মতিহারের সবুজ চত্বরে ৩৯টি বিশ্ববিদ্যালয়কে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, খেলাগুলো সুষ্ঠু ও শৃঙ্খলার মধ্য দিয়ে শেষ হবে।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।