ঢাকা আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঁচবারের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ মারা গেছেন। পরশু রাতে ঢাকার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।
গতকাল দুপুরে তাঁর লাশ আবাহনী ক্লাবে নেওয়া হলে ক্লাবের পতাকায় ঢেকে দেওয়া হয়। জানাজা শেষে লাশ নেওয়া হয় নিজ জেলা লক্ষ্মীপুরের রায়পুরে, সেখানে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফনের কথা। শেষ বিদায় জানাতে ক্লাবে উপস্থিত হন ফুটবল, ক্রিকেট ও হকি অঙ্গনের কর্মকর্তারা।
পরিবার ও ঘনিষ্ঠজনদের ভাষ্য, দীর্ঘদিন কিডনি ও ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছিলেন তিনি, চলাফেরাও করতে পারতেন না। অবস্থার অবনতি হলে রাত ৯টায় হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্ট দেওয়া হয়। রাত ১২টায় তিনি মারা যান।
১৯৭২ সালে তাঁর উদ্যোগেই আবাহনীর যাত্রা শুরু। তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি ছিলেন এবং ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির সদস্য ছিলেন। জাতীয় ক্রীড়া পুরস্কার ও এএফসির গোল্ডেন অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি।
১৯৭৭ সালে লিগজয়ী আবাহনীর অধিনায়ক শেখ আশরাফ আলী বলেন, হারুন ভাই ও আবাহনী ছিল একে অপরের পরিপূরক। সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলামের মতে, তাঁর মতো দক্ষ ও নিরহংকারী সংগঠক পাওয়া বিরল।