রাজশাহীতে তৎকালীন মহানগর দায়রা জজের কিশোর ছেলেকে হত্যার মামলায় ঘটনার ঠিক এক বছরের মাথায় রায় ঘোষণা করা হয়েছে। রায়ে আসামি লিমন মিয়ার মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে আলাদা দুটি ধারায় ১০ বছর করে কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২-এর বিচারক রেজাউল করিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত লিমন মিয়ার (৩৫) বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া গ্রামে। নিহত কিশোর (১৬) রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। গত বছরের ১৩ নভেম্বর নগরীর ডাবতলা এলাকার ভাড়া বাসায় সে খুন হয়। ওই সময় তার মা গুরুতর আহত হন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, ১৩ নভেম্বর বেলা আড়াইটার দিকে ‘বিচারকের ভাই’ পরিচয় দিয়ে লিমন মিয়া বাসায় ঢোকেন। তখন বাসায় ছিলেন শুধু মা ও ছেলে। অভিযোগ অনুযায়ী, লিমন তাঁদের ছুরিকাঘাত করেন এবং পরে নিহত কিশোরের রক্ত মেখে আহত হওয়ার ভান করে পড়ে থাকেন। পুলিশ তিনজনকেই উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়; চিকিৎসক কিশোরকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই লিমনকে আটক করা হয়। পরদিন বিচারক বাদী হয়ে রাজপাড়া থানায় হত্যা মামলা করেন।
মামলার বিবরণে আরও বলা হয়েছে, আহত নারীর বাবার বাড়ি গাইবান্ধা শহরে; একই জেলার বাসিন্দা হওয়ায় লিমনের সঙ্গে তাঁর পরিচয় ছিল এবং লিমন প্রায়ই আর্থিক সাহায্য নিতেন। সহযোগিতা বন্ধ করায় লিমন একাধিকবার হুমকি দেন। ঘটনার ১০ দিন আগে ৩ নভেম্বর তিনি ওই নারীর মেয়ের মেসেঞ্জারে কল করে পরিবারসহ হত্যার হুমকি দেন। তখন ওই নারী সিলেটে মেয়ের বাসায় ছিলেন এবং ৬ নভেম্বর সিলেটের জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশ লিমনকে সন্দেহভাজন হিসেবে আটক দেখিয়ে আদালতে পাঠায়; পরে জামিনে বেরিয়ে তিনি রাজশাহীতে এসে খুনের ঘটনা ঘটান বলে মামলার বিবরণে উল্লেখ আছে।
রায় ঘোষণার সময় লিমন মিয়াকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়; রায়ের পর তাঁকে আবার কারাগারে পাঠানো হয়। আসামিপক্ষের আইনজীবী মামুন-অর-রশিদ বাবু বলেন, ‘আমরা এখনই বিস্তারিত বলছি না। তবে আমরা রায়ে অসন্তুষ্ট। উচ্চ আদালতে আপিল করব।’