রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

মুকসুদপুর থানা থেকে ঝুঁকি নিয়ে অস্ত্রাগারের অস্ত্র সরানোয় সালথার ওসিসহ দলটিকে পুরস্কার দেওয়ার ঘোষণা ফরিদপুরের এসপির

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ ও হামলার পর অস্ত্রাগারের অস্ত্র নিরাপদে ফরিদপুর পুলিশ লাইনসে আনা হয়েছে।

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ ও হামলার ঘটনার পর অস্ত্রাগারে থাকা সরকারি অস্ত্রের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হলে ঝুঁকি নিয়ে সেগুলো নিরাপদে সরিয়ে আনার জন্য ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান ও তাঁর নেতৃত্বাধীন পুলিশ দলকে পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ ও অস্থিতিশীল পরিস্থিতির পর অস্ত্রাগারে রক্ষিত অস্ত্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এ অবস্থায় সালথা থানার ওসি বাবলুর রহমান খানের নেতৃত্বে সহকর্মী কর্মকর্তা ও পুলিশ সদস্যরা দ্রুত সমন্বিত অভিযান চালান। তাঁরা মুকসুদপুর থানার অস্ত্রাগারে থাকা অস্ত্রগুলো নিরাপদে উদ্ধার করে ফরিদপুর পুলিশ লাইনসে নিয়ে আসেন।

ফরিদপুর জেলা পুলিশ এ উদ্যোগকে প্রতিকূল ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ, সাহসিকতা ও দায়িত্বশীলতার দৃষ্টান্ত হিসেবে দেখছে। ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী ওসি বাবলুর রহমান খান ও তাঁর নেতৃত্বাধীন দলের সদস্যদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

পুলিশ সুপার আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তাঁরা দেশ, জনগণ ও বাংলাদেশ পুলিশের মর্যাদা সমুন্নত রাখতে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। সাহসিকতা ও প্রশংসনীয় দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে ওসি বাবলুর রহমান খান এবং তাঁর নেতৃত্বাধীন দলকে ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করার ঘোষণা দিয়েছেন তিনি।