রবিবার, ০১ নভেম্বর, ২০২৬

পিপিবি এক্সপো ২০২৬: প্রায় ৮০০ ফটোগ্রাফারের মধ্যে গ্র্যান্ড উইনার ঈশ্বরদীর আমির হামজা সাগর

ওয়েডিং ফটোগ্রাফি বিভাগে প্রথম হওয়ার পাশাপাশি সব ক্যাটাগরির মধ্যে সেরা ছবির স্বীকৃতি পেয়েছেন পাবনার তরুণ ফটোগ্রাফার।

পেশাদার ফটোগ্রাফারদের প্ল্যাটফর্ম ‘প্রফেশনাল ফটোগ্রাফারস অব বাংলাদেশ (পিপিবি)’ আয়োজিত ‘পিপিবি এক্সপো ২০২৬’-এ গ্র্যান্ড উইনার নির্বাচিত হয়েছেন পাবনার ঈশ্বরদীর আমির হামজা সাগর। একই প্রতিযোগিতায় তিনি ওয়েডিং ফটোগ্রাফি বিভাগেও প্রথম স্থান অর্জন করেছেন।

আয়োজক সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন জেলার প্রায় ৮০০ পেশাদার ফটোগ্রাফার এতে অংশ নেন। ১৪টি ক্যাটাগরিতে প্রায় সাড়ে তিন হাজার ছবি জমা পড়েছিল। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করে মোট ৪২টি পুরস্কার দেওয়া হয়। ওয়েডিং ফটোগ্রাফি বিভাগে প্রথম হওয়ার পাশাপাশি সব ক্যাটাগরির প্রতিযোগীদের ছবির মধ্যে সাগরের তোলা ছবিটি সর্বশ্রেষ্ঠ বিবেচিত হয়। এর স্বীকৃতিস্বরূপ তাঁকে এক্সপোর সর্বোচ্চ সম্মাননা ‘গ্র্যান্ড উইনার’ পুরস্কার দেওয়া হয়। গত ২৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে এক অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী জনসন উই, নিক প্যাক্রেডিস ও কেদাজি। তাঁদের সঙ্গে বাংলাদেশের কয়েকজন জ্যেষ্ঠ আলোকচিত্রীও বিচারক প্যানেলে ছিলেন।

আমির হামজা সাগর ঈশ্বরদী পৌরসভার ভেলুপাড়া এলাকার বাসিন্দা মো. সিদ্দিকুর রহমানের ছেলে। প্রায় নয় বছর ধরে তিনি একটি প্রতিষ্ঠানে ওয়েডিং ফটোগ্রাফার হিসেবে কাজ করছেন, বর্তমানে সিনিয়র ফটোগ্রাফার। ডিপ্লোমা শেষে প্রচলিত পেশায় না গিয়ে নিজের আগ্রহ থেকে তিনি মিউজিক ও ফটোগ্রাফিকে বেছে নেন। সাগর বলেন, আন্তর্জাতিক মানের গুণী বিচারকদের কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়া তাঁর জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার; এটি ভবিষ্যতে আরও ভালো কাজ করার আত্মবিশ্বাস জোগাবে।