সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ অর্থায়নে দক্ষিণ চট্টগ্রামের দোহাজারী রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের পাহাড়তলী পর্যন্ত বিদ্যমান মিটারগেজ রেললাইনকে ব্রডগেজে উন্নীত করার প্রকল্পের কাজ শুরু হতে যাচ্ছে। আগামী ডিসেম্বরেই নির্মাণকাজ শুরুর কথা। শনিবার প্রকল্প পরিচালক (পিডি) প্রকৌশলী আসাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৫ নভেম্বর সরকারি ক্রয়সংক্রান্ত কমিটি এই প্রকল্প অনুমোদন দিয়েছে। এডিবির সঙ্গে ঋণচুক্তি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়াও শেষ। বর্তমানে ঠিকাদার নিয়োগের চূড়ান্ত প্রক্রিয়া চলছে। ডিসেম্বরের মধ্যেই ঠিকাদার নিয়োগ শেষ করে নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৭৯৭ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকারের অর্থায়ন তিন হাজার ৭১১ কোটি টাকার বেশি; বাকি সাত হাজার ৮৬ কোটি টাকা প্রকল্প সহায়তা হিসেবে এডিবি ঋণ দেবে। জানা গেছে, ২০২৩ সালের নভেম্বরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন পেয়েছিল।
দোহাজারী-কক্সবাজার ডুয়েলগেজ রেলপথের সঙ্গে সামঞ্জস্য রেখে দোহাজারী থেকে ষোলশহর এবং ষোলশহর থেকে চট্টগ্রাম হয়ে পাহাড়তলী পর্যন্ত বিদ্যমান মিটারগেজ রেলপথকে ব্রডগেজ ও ডুয়েলগেজে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। নতুন নির্মিত দোহাজারী-কক্সবাজার রেলপথ সিঙ্গেল ট্র্যাক ডুয়েলগেজ পদ্ধতিতে তৈরি; অর্থাৎ একই লাইনে মিটারগেজ ও ব্রডগেজ—দুই ধরনের ট্রেন চলতে পারে। রেলওয়ে সূত্র জানিয়েছে, ওই রেলপথে ব্রডগেজ লাইনের প্রতি এক্সেলের ভারবহন ক্ষমতা প্রায় ৩০ মেট্রিক টন, যেখানে মিটারগেজ লাইনে তা ১৫ মেট্রিক টন।
প্রকল্প বাস্তবায়িত হলে বছরে আয় এক হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।