শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

টিসিবির জন্য ১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার, ডাল আসবে রাজশাহীর প্রতিষ্ঠান থেকে

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে দুই পণ্য কেনায় মোট ১৮২ কোটি টাকার প্রস্তাব অনুমোদিত হয়েছে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য ১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার। এ জন্য মোট ব্যয় হবে ১৮২ কোটি টাকা; এর মধ্যে চিনি কিনতে ১০৫ কোটি এবং ডাল কিনতে ৭৭ কোটি টাকা লাগবে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ দুটি ক্রয়প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

প্রস্তাব অনুযায়ী মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড প্রতি কেজি ১০৪ টাকা ৯৫ পয়সা দরে ৫০ কেজির বস্তায় চিনি সরবরাহ করবে। অন্যদিকে রাজশাহীর প্রতিষ্ঠান নাবিল নাবা ফুডস লিমিটেড প্রতি কেজি ৭৭ টাকা ২৫ পয়সা দরে ১০ হাজার টন মসুর ডাল দেবে, এটিও ৫০ কেজির বস্তায়। দুই ক্ষেত্রেই টিসিবির গুদাম পর্যন্ত পরিবহন খরচ দরের মধ্যে ধরা হয়েছে।

একই বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বড় কয়েকটি প্রস্তাবও অনুমোদন পেয়েছে। পায়রা ও রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী ২৫ বছর বিদ্যুৎ কিনতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো) প্রায় ৪ লাখ ৬০ হাজার ৬১০ কোটি টাকা ব্যয় করবে। এর মধ্যে পায়রার ১ হাজার ৩২০ মেগাওয়াট কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে খরচ হবে ২ লাখ ২৮ হাজার ৬৬৩ কোটি টাকা। রামপালের ১ হাজার ৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রকল্প থেকে কিনতে খরচ হবে ২ লাখ ৩১ হাজার ৯৪৭ কোটি টাকা। দুই কেন্দ্রের জন্য ২৫ বছর মেয়াদি শুল্ককাঠামো ও গড় বিদ্যুৎমূল্যের প্রস্তাব ক্রয় কমিটি অনুমোদন করেছে।

এ ছাড়া ২০২৭ সালের প্রথম ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৬ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত হয়েছে। এতে ব্যয় হবে ৮ হাজার ১০ কোটি টাকা। চারটি প্যাকেজের আওতায় ডিজেল, ফার্নেস অয়েল ও অকটেন আনা হবে। সিঙ্গাপুরভিত্তিক দুটি প্রতিষ্ঠান ট্রাফিগুরা পিটিই লিমিটেড ও ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড এসব তেল সরবরাহ করবে।