রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬

ভোটে প্রতিফলিত হবে দলীয় সমর্থন, সরকারি অফিসে নয়: নবীন কর্মকর্তাদের প্রধানমন্ত্রী তারেক রহমান

সাভারে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচিত সরকার প্রশাসনের মাধ্যমেই ইশতেহার বাস্তবায়ন করে।

সরকারি কর্মকর্তাদের কোনো রাজনৈতিক দলের প্রতি ব্যক্তিগত সমর্থন থাকাকে দোষের মনে করেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে সেই সমর্থনের প্রতিফলন ঘটতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়—এ কথা বলেছেন তিনি। রোববার সাভারের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘যেকোনো রাজনৈতিক দলের প্রতি প্রশাসনের কর্মকর্তাদের সমর্থন থাকা আমি ব্যক্তিগতভাবে দোষের মনে করি না। তবে যেকোনো রাজনৈতিক দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়।’ তাঁর ভাষ্য, পদ ও দায়িত্ব ব্যবহার করে কোনো ব্যক্তিগত রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করা ঠিক নয়।

গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রশাসনের মাধ্যমেই ইশতেহার বাস্তবায়ন করে—এ যুক্তি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে এবং তা সরকারি প্রশাসনের মাধ্যমেই করছে। তাঁর ভাষায়, এটি একদম স্পষ্ট ও স্বাভাবিক কথা। তিনি বলেন, নির্বাচনের আগে রাজনৈতিক দল হিসেবে তাঁরা জনগণের সামনে ইশতেহার তুলে ধরেছিলেন, জনগণ ভোটের মাধ্যমে তাতে সমর্থন দিয়ে সরকার গঠনের ম্যান্ডেট দিয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এটি এখন আর কোনো নির্দিষ্ট দলের ইশতেহার নয়, বরং সমগ্র দেশের। জনগণের দেওয়া দায়িত্বের ভিত্তিতে সরকারের নীতি নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করাই কর্মকর্তাদের সাংবিধানিক দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।

নবীন কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারি প্রশাসন যত বেশি দক্ষ হবে, সরকারের কার্যক্রমও তত সফল হবে। দক্ষতা, সততা ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রশাসন জরুরি। তিনি লাল ফিতার দৌরাত্ম্য কাটিয়ে সেবাপ্রক্রিয়া সহজ ও নাগরিকবান্ধব করার তাগিদ দেন, যাতে সাধারণ মানুষ হয়রানির শিকার না হন। নাগরিক সেবায় তিনি ‘গোল্ডেন রুল’ হিসেবে অন্যের সঙ্গে সেভাবেই আচরণ করার কথা বলেন, যেভাবে নিজের জন্য প্রত্যাশা করা হয়।

পছন্দের পদে পদায়ন বা পদোন্নতির জন্য কেউ কেউ পেশাগত দক্ষতা ও সততার সঙ্গে আপস করেন বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী কর্মকর্তাদের দেশের যেকোনো স্থানে যেকোনো পদে দায়িত্ব পালনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে বলেন। অনুষ্ঠানে চার মাসব্যাপী কোর্সে শীর্ষ ১০ জনের হাতে তিনি সনদ তুলে দেন। বক্তব্যের শেষে কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বানও জানান তিনি।