পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সম্প্রতি জাতিসংঘের একটি গোলটেবিল বৈঠকে বাংলাদেশে নারীদের জন্য চালু হওয়া ‘পিঙ্ক বাস সার্ভিস’-এর কথা তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেন, এই সেবা নারীদের জন্য গণপরিবহণকে আরও নিরাপদ করার লক্ষ্যেই চালু করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ‘প্রযুক্তি ব্যবহার করে নারী ও শিশু নির্যাতন’ শীর্ষক এক মন্ত্রীপর্যায়ের গোলটেবিল বৈঠকে তিনি এই সেবার কথা তুলে ধরেন।
তার বক্তব্যে শামা ওবায়েদ নারী ও শিশুদের ওপর সহিংসতা প্রতিরোধে বাংলাদেশের আইনি ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপসমূহ, যেমন— দ্রুত তদন্ত ও বিচার প্রক্রিয়া, আইনি সহায়তা, নিরাপদ আশ্রয়, পুনর্বাসন এবং মনস্তাত্ত্বিক সহায়তার বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।
এছাড়াও, তিনি ডিজিটাল হয়রানি প্রতিরোধ, তদন্ত ও মোকাবিলার লক্ষ্যে ঐচ্ছিক নির্দেশিকা তৈরিতে বাংলাদেশ নেতৃত্বাধীন উদ্যোগ ‘ঢাকা ডায়ালগ’-এর বর্ণনা দেন। একইসঙ্গে তিনি জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে এর ‘গ্রুপ অব ফ্রেন্ডস’এ যোগ দেওয়ার আহ্বান জানান।
শামা ওবায়েদ সংঘাতের শিকার নারীদের কথা উল্লেখ করে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান এবং দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নারী ও শিশুদের সুরক্ষায় গৃহীত নানামুখী সহায়তার কথাও তুলে ধরেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের পাশাপাশি ক্রোয়েশিয়া ও ইউএন উইমেন এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ব্যবহার করে ডিজিটাল হুমকি— যেমন হয়রানি, মানহানি, প্রতারণা ও নিপীড়ন ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।