সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

নওগাঁর সাপাহারে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ স্বামীর পর স্ত্রীরও মৃত্যু

৩৬ ঘণ্টার ব্যবধানে মারা গেছেন শিরন্টি ইউনিয়নের গোপালপুর সোনাডাঙা গ্রামের সোলায়মান আলী ও আফরোজা বেগম।

নওগাঁর সাপাহার উপজেলায় এলপিজি গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। মাত্র ৩৬ ঘণ্টার ব্যবধানে মারা গেছেন সোলায়মান আলী (৬৫) ও তাঁর স্ত্রী আফরোজা বেগম (৬৩)।

স্থানীয়রা জানান, ঘটনাটি ঘটে গত ১৫ নভেম্বর রাত ৯টার দিকে উপজেলার শিরন্টি ইউনিয়নের গোপালপুর সোনাডাঙা গ্রামে। কয়েল ধরানোর জন্য আফরোজা বেগম রান্নাঘরে গিয়ে গ্যাস লাইট জ্বালালে লিকেজ হওয়া এলপিজি সিলিন্ডারে আগুন ধরে যায়। আগুনে দগ্ধ হয়ে তিনি চিৎকার করতে থাকেন। তাঁর চিৎকারে পাশের ঘর থেকে দৌড়ে এসে স্ত্রীকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে সোলায়মান আলীও আগুনে দগ্ধ হন।

সেদিন রাতেই দগ্ধ দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় সোলায়মান আলী মারা যান। পরে তাঁর লাশের সঙ্গে আফরোজা বেগমকে গ্রামের বাড়িতে আনা হয় এবং ওই দিনই সোলায়মান আলীর দাফন সম্পন্ন হয়। স্বামীর মৃত্যুর ৩৬ ঘণ্টা পর রোববার (২২ নভেম্বর) ভোর ৫টার দিকে বাড়িতেই আফরোজা বেগম মারা যান।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক। এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।