ককটেল বিস্ফোরণ নিয়ে জাতীয় নাগরিক পার্টির নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদের সুপারিশ ডিএমপি’র
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার তোফায়েল আহমেদ মিয়া মনে করেন, পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার তোফায়েল আহমেদ মিয়া বলেছেন যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় জিজ্ঞাসাবাদ করা উচিত। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মিন্টোরোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনটি মূলত দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ককটেল তৈরির সরঞ্জাম ও নয় হাজার মুখোশ উদ্ধারের বিষয়ে জানাতে ডাকা হয়েছিল। সাংবাদিকরা নাসীরুদ্দীন পাটওয়ারীর সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে পুলিশের বক্তব্য জানতে চাইলে তোফায়েল আহমেদ মিয়া বলেন, “তাহলে তাকেই জিজ্ঞাসা করতে হবে সে এই বক্তব্য কেন দিল।” তিনি আরও মনে করেন, “অবশ্যই আমার মনে হয় তাকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ।”
যুগ্ম কমিশনার পাটওয়ারীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে কিনা এমন প্রশ্নের জবাবে জানান, “এটা আমি বলতে পারব না। ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারবেন।”
উল্লেখ্য, গত সোমবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এনসিপি’র এক মিছিলে নাসীরুদ্দীন পাটওয়ারী মন্তব্য করেছিলেন, “আমরা তিনটা দাবিতে অনবরত রাজপথে আছি।” তিনি আরও বলেন, “এই দাবিগুলো মানলেই ঢাকা শহরে ককটেল আর ফুটবে না।”