বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

প্রতিটি ইউনিয়নে স্ট্রোক ঝুঁকি স্ক্রিনিং ও জরুরি অ্যাম্বুলেন্স সেবা চালুর পরিকল্পনা সরকারের

বিশ্ব স্ট্রোক দিবসের সেমিনারে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জানান, জেলা পর্যায়ে কল সেন্টার ও কেন্দ্রীয় অ্যাম্বুলেন্স সেবাও চালুর পরিকল্পনা আছে।

স্ট্রোকের ঝুঁকি শনাক্ত করতে দেশের প্রতিটি ইউনিয়ন পর্যায়ে স্ক্রিনিং ও জরুরি অ্যাম্বুলেন্স সেবা চালু করবে সরকার। প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এ কথা জানিয়েছেন। বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর বারডেম জেনারেল হাসপাতাল ও ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শুধু নতুন হাসপাতাল নির্মাণ করে রোগীর চাপ কমানো সম্ভব নয়; রোগ প্রতিরোধ ও প্রাথমিক স্বাস্থ্যসেবাকে শক্তিশালী করতে হবে। এ লক্ষ্যে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং হেলথ অ্যান্ড ওয়েলবিং ওয়ার্কার চালুর পরিকল্পনা রয়েছে। এসব কর্মী বছরে তিন থেকে চারবার প্রতিটি পরিবারে গিয়ে প্রাপ্তবয়স্কদের রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করবেন। এর মাধ্যমে স্ট্রোকের অন্যতম প্রধান ঝুঁকি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা সম্ভব হবে বলে তিনি জানান।

স্ট্রোকের চিকিৎসায় দ্রুত পদক্ষেপের ওপর জোর দিয়ে তিনি বলেন, রোগীর স্বজনেরা অনেক সময় বুঝতে পারেন না কোন হাসপাতালে গেলে সঠিক চিকিৎসা মিলবে। এ সমস্যা সমাধানে জেলা পর্যায়ে কল সেন্টার ও কেন্দ্রীয় অ্যাম্বুলেন্স সেবা চালুর পরিকল্পনা আছে। অ্যাম্বুলেন্সে থাকা প্রশিক্ষিত প্যারামেডিকেরা রোগীর অবস্থা মূল্যায়ন করে তাঁকে উপযুক্ত হাসপাতালে নিতে সহায়তা করবেন।

সেমিনারে বক্তারা বলেন, স্ট্রোক বিশ্বব্যাপী মৃত্যু ও দীর্ঘমেয়াদি অক্ষমতার অন্যতম প্রধান কারণ। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে অতিরিক্ত চর্বি, ধূমপান, স্থূলতা ও শারীরিক নিষ্ক্রিয়তা স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। হঠাৎ মুখ বেঁকে যাওয়া, শরীরের একপাশ দুর্বল হওয়া বা কথা জড়িয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে দেরি না করে জরুরি চিকিৎসা নিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান। বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের সচিব অধ্যাপক ডা. ফিরোজ কাদের ও বাডাসের মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন।