ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব ধরনের ক্লাস ও পরীক্ষা আগামীকাল বুধবার (১০ সেপ্টেম্বর) বন্ধ থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আগামীকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।’
এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সারাদিন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চললেও ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সন্ধ্যার পর থেকে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সন্ধ্যার পর থেকেই নীলক্ষেত, শাহবাগ, টিএসসি ও দোয়েল চত্বর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই আগামীকাল ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।